২৮ জুন, ২০২৫ ১১:৫১ এএম

ঢাকা মেডিকেলে নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকের ওপর হামলা

ঢাকা মেডিকেলে নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকের ওপর হামলা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীর নিগ্রহের শিকার হয়েছেন নিউরো সার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক মঈনুল আহমেদ। শুক্রবার (২৭ জুন) বিকাল পাঁচটার দিকে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় জরুরি ভিত্তিতে নিউরো সার্জারি বিভাগের সেবা বন্ধ ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আজ শনিবার (২৮ জুন) সকাল থেকে সেবা স্বাভাবিক হয়েছে।  

অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে এ ঘটনায় হাসপাতালের উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে হাসপাতালের আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান আজ সকালে মেডিভয়েসকে বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা এক রোগীর কাছে শারীরিক সমস্যাগুলো সম্পর্কে জানতে চান ডা. মঈনুল আহমেদ। তাতেই ক্ষিপ্ত হয়ে ডা. মঈনুলকে থাপ্পর মারেন তিনি। এতে তিনি কিংকর্তব্যেবিমূড় হয়ে পড়েন’

হাসপাতাল পরিচালক বলেন, ‘রোগীর মাথায় সমস্যা থাকতে পারে। আমরা তাৎক্ষণিকভাবে তাকে পুলিশে সোপর্দ করি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করি।’

ডা. মঈনুল আহমেদ ইব্রাহিম মেডিকেল কলেজের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। হামলার ঘটনার প্রতিবাদে সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।

এসআইএস/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক নিগ্রহ
  এই বিভাগের সর্বাধিক পঠিত