মানহীন মেডিকেল বন্ধ ও মেধা পাচার রোধের সুপারিশ সংস্কার কমিশনের
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধের সুপারিশ করেছে সরকার-গঠিত স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। একই সঙ্গে, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং বিদেশে মেধা পাচার (ব্রেইন ড্রেইন) রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রস্তাব করা হয়েছে।
সোমবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে কমিশনের পক্ষ থেকে বিস্তারিত প্রতিবেদন হস্তান্তর করা হয়। এতে চিকিৎসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গৃহীত ৩২টি মুখ্য স্বল্প ও মধ্যমেয়াদি সুপারিশের মধ্যে ১২ নম্বর সুপারিশে এ তথ্য উঠে এসেছে।
সুপারিশে বলা হয়েছে, চিকিৎসা শিক্ষায় মানোন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য কাঠামোগত সংস্কার অপরিহার্য। এ লক্ষ্যে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন (ডব্লিউএফএমই)-এর বৈশ্বিক মানদণ্ড অনুসারে দেশের সব মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়মিতভাবে মূল্যায়নের আওতায় আনার পরামর্শ দেওয়া হয়েছে।
কমিশনের সুপারিশে নিম্নমানের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করার কথা বলা হয়েছে। তবে শিক্ষার্থীদের ক্ষতি এড়াতে তাদেরকে স্বীকৃত মেডিকেল কলেজে স্থানান্তরের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের দেশে ফিরে চিকিৎসা শিক্ষা গ্রহণে উৎসাহিত করা এবং মেধা পাচার (ব্রেইন ড্রেইন) রোধে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় থাকা অপ্রয়োজনীয় জটিলতা অপসারণের সুপারিশ করা হয়েছে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে দেশে মেডিকেল কলেজ স্থাপন এবং এ ক্ষেত্রে ডব্লিউএফএমই-এর মানদণ্ড অনুসরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
পাঁচ দিনের একাডেমিক সপ্তাহ চালুর মাধ্যমে শিক্ষকদের চাপ কমানো এবং শিক্ষার্থীদের সক্রিয়তা বৃদ্ধি করার দিকটি সুপারিশে অন্তর্ভুক্ত হয়েছে।
এফসিপিএস ও এমডি/এমএস কোর্সে পাঠ্যক্রমে সমন্বয় এবং দেশ-বিদেশে পারস্পরিক স্বীকৃতি নিশ্চিত করে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার আন্তর্জাতিক মান অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
চিকিৎসা শিক্ষায় সক্ষমতাভিত্তিক (কম্পিটেন্সি বেইজড) শিক্ষা এবং সমাজমুখী (কমিউনিটি ওরিয়েন্টেড) শিক্ষা কার্যকরভাবে চালুর সুপারিশ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা জ্ঞান, দক্ষতা ও পেশাগত আচরণে পূর্ণ সক্ষমতা অর্জন করতে পারে।
এই সুপারিশ বাস্তবায়ন হলে দেশের চিকিৎসা শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি বিদেশমুখী চিকিৎসা শিক্ষার্থীদের দেশমুখী করতে কার্যকর ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা প্রকাশ করেছে স্বাস্থ্য সংশ্লিষ্ট মহল।
টিআই
-
১৮ অগাস্ট, ২০২৫
-
০১ অগাস্ট, ২০২৫
প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি
স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদন জুলাই চার্টারে অন্তর্ভুক্ত করার আহ্বান