১৮ অগাস্ট, ২০২৫ ০৩:২০ পিএম

ওষুধের কাঁচামাল শিল্পের উন্নয়নে কাজ করবে ১১ সদস্যের কমিটি

ওষুধের কাঁচামাল শিল্পের উন্নয়নে কাজ করবে ১১ সদস্যের কমিটি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে ওষুধের কাঁচামাল (এপিআই) উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির জন্য কৌশলগত নীতিমালা প্রণয়ন করতে ‘এপিআই খাত উন্নয়ন কমিটি’ গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সাথে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সুপারিশ এবং সরকারের রপ্তানি বৈচিত্র্যকরণ কৌশল বাস্তবায়নে কাজ করবে এ কমিটি।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানকে সভাপতি করে গঠিত কমিটিতে রয়েছেন মোট ১১ জন সদস্য। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের ঔষধ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান।

প্রজ্ঞাপনে বলা হয়, হেলথ রিফর্ম কমিশনের সুপারিশ এবং সরকারের রপ্তানি বৈচিত্র্যকরণ কৌশল বাস্তবায়নের লক্ষ্যে নিম্নবর্ণিতভাবে এপিআই খাত উন্নয়ন কমিটি গঠন করা হলো।

স্বাস্থ্য সচিবের নেতৃত্বে গঠিত কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন একই বিভাগের ঔষধ প্রশাসন অধিশাখার যুগ্মসচিব মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান। অপর ৯ সদস্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, ঔষধ প্রশাসন অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগ এবং বাংলাদেশ এপিআই ও ইন্টারমিডিয়ারি ম্যানুফাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএআইএমএ) একজন করে প্রতিনিধি রয়েছেন। এ ছাড়া বিএআইএমএর সভাপতি সাইফুর রহমানও এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে—দেশের এপিআই উৎপাদন সক্ষমতা বৃদ্ধির জন্য কৌশলগত নীতিমালা প্রণয়ন; হেলথ রিফর্ম কমিশনের এপিআই সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নের সমন্বয়; সরকারির রপ্তানি বৈচিত্র্যকরণ কৌশল বাস্তবায়নের লক্ষ্যে অর্থ বিভাগ কর্তৃক গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের সমন্বয়; নিয়ন্ত্রণগত, আর্থিক ও প্রযুক্তিগত প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও তা নিরসনের সুপারিশ প্রদান, পুনঃঅর্থায়ন, পুনঃতফসিলীকরণ, শুল্কনীতি, ভ্যাট অব্যাহতি ও রপ্তানি সহায়তাসহ টেকসিই প্রণোদনা কাঠামো নির্ধারণ; সরকার ও বেসরকারি অংশীদারদের মধ্যে কার্যকর সমন্বয় সাধন এবং নির্ধারিত সময়ে খাতভিত্তিক লক্ষ্য পূরণে অগ্রগতি মূল্যায়ন ও নীতিগত নির্দেশনা প্রদান।

এতে আরও বলা হয়, কমিটি এক মাসের মধ্যে প্রতিবেদন পেশ করবে। এ ছাড়া প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে কো-অপ্ট করতে পারবে এই কমিটি।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
  এই বিভাগের সর্বাধিক পঠিত