০৬ এপ্রিল, ২০২৫ ০৫:০৬ পিএম

‘দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা’ কর্মসূচিতে ঢামেক শিক্ষার্থীদের সংহতি

‘দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা’ কর্মসূচিতে ঢামেক শিক্ষার্থীদের সংহতি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা। এ ধরনের নৃশংস ঘটনায় অন্তর্জাতিক সংগঠনগুলোর নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা। একই সঙ্গে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) ‘দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

আজ রোববার (৬ এপ্রিল) এক বিবৃতিতে এ কথা জানান তারা।

বিশেষ ওই বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মদদে ইসরায়েল সরকার গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজায় অব্যাহত বোমাবর্ষণে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে নবজাতক, শিশু, কিশোর-কিশোরী, বৃদ্ধ-বৃদ্ধাও রয়েছেন। অনেকেই চিকিৎসা না পেয়ে মারা গেছেন। এমনকি স্বাস্থ্যকর্মীরাও হামলার লক্ষ্যবস্তু হয়ে প্রাণ হারাচ্ছেন। পুরো মুসলিম বিশ্ব নির্বিকারভাবে তা প্রত্যক্ষ করলেও ফিলিস্তিনিদের ওপর এই নৃশংস হত্যাযজ্ঞ চলছেই। এ বিষয়ে প্রভাবশালী মুসলিম দেশগুলোর নীরবতা ও উদাসীনতা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। এ ধরনের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের মুখে অন্তর্জাতিক সংগঠনগুলোর নিষ্ক্রিয়তাও অত্যন্ত উদ্বেগজনক।’

‘গাজায় সংঘটিত গণহত্যা ও মানবাধিকারবিরোধী অপরাধের বিরুদ্ধে বৈশ্বিক প্রতিবাদের অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মনে করে, আমাদের নৈতিক দায়িত্ব হলো এর বিরুদ্ধে সোচ্চার হওয়া। আগামী ৭ এপ্রিল ২০২৫, The World Stops for Gaza কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ঢাকা মেডিকেল কলেজের বর্তমান শিক্ষার্থীরা ঘোষণা দিচ্ছে যে, ওই দিন ঢাকা মেডিকেল কলেজের সকল ক্লাস ও পরীক্ষার বর্জন করা হবে’, যোগ করা হয় বিবৃতিতে।

প্রসঙ্গত, যুদ্ধবিরতি ভেঙে গত ১৮ মার্চ গাজায় পুনরায় তীব্র বোমাবর্ষণ এবং নতুন করে স্থল আক্রমণ শুরু করেছে ইসরায়েল।

গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় সেখানে এখন পর্যন্ত ৫০ হাজার ৬৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও এক লাখ ১৫ হাজার ২২৫ জন। গাজাকে রীতিমতো এক ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত