২০ মার্চ, ২০২৫ ১২:৪১ পিএম

বিএমইউতে পাবলিক প্রকিউরমেন্ট আইন বিষয়ক কর্মশালা

বিএমইউতে পাবলিক প্রকিউরমেন্ট আইন বিষয়ক কর্মশালা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চলছে দুই দিনব্যাপী ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও বিধিমালা-২০০৮’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। বুধবার (১৯ মার্চ) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ই-ব্লকের সেমিনার রুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) কর্মশালা শেষ হবে।

প্রশিক্ষণ কর্মশালায় মেডিসিন, সার্জারি ও বেসিক সায়েন্স অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় ক্রয় কমিটির সভাপতি, সদস্য-সচিবসহ বিভিন্ন অফিসের ক্রয় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। সরকারি ক্রয়সংক্রান্ত আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং অংশগ্রহণকারীদের এ বিষয়ে দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে এ কর্মশালা আয়োজন করা হয়েছে।

বুধবার কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম। আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মো. ফারুক ওসমানীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পরিচালক ডা. তারিক রেজা আলী। এদিন রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইউসুফ। তিনি সরকারি ক্রয়ের বিভিন্ন নিয়ম-কানুন ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৃহস্পতিবার প্রশিক্ষণের দ্বিতীয় দিনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশিক আহমেদ শিবলী রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থাকবেন।

বিএমইউ জানিয়েছে, বিভিন্ন অনুষদ ও বিভাগের সংশ্লিষ্টদের সরকারি ক্রয়সংক্রান্ত আইন ও বিধিমালার প্রয়োগ ও বাস্তবায়ন সম্পর্কে ধারণা দেওয়াই প্রশিক্ষণ কর্মশালার মূল উদ্দেশ্য। এতে অংশগ্রহণকারীরা পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এবং বিধিমালা-২০০৮ এর বিভিন্ন দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন। সরকারি প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন অব্যাহত থাকবে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
  এই বিভাগের সর্বাধিক পঠিত