উত্তীর্ণের ১৫ বছর পর নিয়োগ পেয়ে উচ্ছ্বসিত ডা. আলীম
মেডিভয়েস রিপোর্ট: দীর্ঘ ১৫ বছর অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) নিয়োগ পেলেন ডা. আব্দুল আলীম। বিশ্ববিদ্যালয়ের অবেদনবিদ্যা (অ্যানেসথেসিওলজি) বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন তিনি।
শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। নিয়োগপত্র পেয়ে মঙ্গলবার (১৮ মার্চ) কাজে যোগ দেন ডা. আলীম।
বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে বলা হয়, ‘১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্তের আলোকে এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন বৈষম্যের শিকার ‘পদচ্যুত ও পদাবনত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের চাকরি সংক্রান্ত এবং আর্থিক সুবিধা প্রদানের বিষয়সমূহ যাচাই বাছাই ও নিষ্পত্তিকল্পে গঠিত কমিটির সুপারিশ এবং ২৬ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৫তম সভার সিদ্ধান্ত ৯৫.১১ মোতাবেক এ্যানেসথেসিয়া, এনালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক পদে আপনাকে নিম্নলিখিত শর্তে বঞ্চিত শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’
এত বছর পর হলেও বর্তমান প্রশাসনের কাছে ন্যায়বিচার পাওয়ায় উচ্ছ্বসিত ডা. আব্দুল আলীম সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ! দীর্ঘ ১৫ বছর পর ন্যায্য অধিকার বুঝে পেলাম।’
ডা. আলীম বলেন, ‘২০১০ সালে সহকারী অধ্যাপক পদে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ বোর্ডের চূড়ান্ত অনুমোদন পেলেও শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তা আটকে রেখেছিল বিগত প্রশাসনগুলো। বর্তমান উপাচার্য ও প্রশাসন উদ্যোগ নেওয়ায় আমার দীর্ঘ যন্ত্রণার অবসান ঘটলো। তাদের প্রতি কৃতজ্ঞ। নতুন পদে যোগদানের আগে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অবেদনবিদ্যা বিভাগের প্রধান হিসেবে কাজ করছিলেন এই চিকিৎসক।’
এসএইচবি/
-
১৭ মে, ২০২৬