০৮ নভেম্বর, ২০২৪ ০৭:৩০ পিএম

প্রথমবারের মতো শিক্ষার্থীদের ভোটে ডিএমসি সন্ধানীর নতুন কমিটি

প্রথমবারের মতো শিক্ষার্থীদের ভোটে ডিএমসি সন্ধানীর নতুন কমিটি
বাঁ থেকে জারীন, তাসকিন, দীপ্ত ও আসিফ।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) সন্ধানীর ইতিহাসে প্রথমবারের মতো মেডিকেলের ৭৭তম ব্যাচের শিক্ষার্থীদের ভোট প্রয়োগের মাধ্যমে সন্ধানীর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন ও দীপ্ত নূর কল্লোল নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি ও সহকারী সাধারণ সম্পাদক পদে যথাক্রমে জারীন মুসরাত লাম-ইয়া ও আসিফ চৌধুরী অয়ন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ডিএমসির লেকচার গ্যালারি বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সন্ধানীর গুরুত্বপূর্ণ চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চারটি পদে বিপরীত প্রার্থী ছিলেন ১৪ জন। নির্বাচনে ঢাকা মেডিকেলের কে-৭৭তম ব্যাচের ২৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ২১৯ জন শিক্ষার্থী ভোট প্রদান করেন। পোলিং এজেন্ট সংখ্যা ছিল ২২। ভোট কাস্ট হয়েছে ৯০ শতাংশ। আর যেসব ভোটার ভোট কেন্দ্রে আসতে পারেনি, তাদেরকে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে ভোট প্রদান করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশনার। এসময় সন্ধানী ছাড়া ঢাকা মেডিকেলের আরও দুটি সামাজিক ক্লাবেরও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে তিন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ১৫০ ভোট পেয়ে ডিএমসি সন্ধানীর সভাপতি নির্বাচিত হয়েছেন ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৫ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন দীপ্ত নূর কল্লোল, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ৪৮ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জারীন মুসরাত লাম-ইয়া, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৭০ ভোট এবং সহকারী সাধারণ সম্পাদক পদে ১১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আসিফ চৌধুরী অয়ন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ৪৪ ভোট।

নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) হিসেবে ছিলেন ঢাকা মেডিকেলের কে-৭৭তম ব্যাচের শিক্ষার্থী মুবিন ইবনে মকবুল, উমাইর আফিফ, মোস্তফা আমীর ফয়সাল, সৈয়দ মুশফিক আমিন, শান্ত প্রমিত সাহা, তওফিকা নিহা, সালসাবিল তারাননুম ও ফারহা ব্রতী। এ ছাড়া পর্যবেক্ষক হিসেবে ছিলেন ডিএমসির অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলম ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ।

জানতে চাইলে ডিএমসি সন্ধানীর নবনির্বাচিত সভাপতি ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন মেডিভয়েসকে বলেন, ‘শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। অন্যান্য জুনিয়র ব্যাচের যেসব পদ আছে, তাঁরাও নির্বাচনের মাধ্যমে পদে আসবেন। এরপর পুরোদমে আমাদের কার্যক্রম শুরু হবে। বিগত সময়ে সন্ধানী নানা অনিয়ম ও দুর্নীতি ছিল। সন্ধানী রক্তদানের প্রতিষ্ঠান হলেও স্বার্থন্বেষী মহল দীর্ঘদিন ধরে রাজনৈতিক অপতৎপরতা চালিয়ে আসছিল। আমাদের কাজ হলো সেগুলো প্রতিহত করা। অতীতের বিগত কমিটি অনিয়মগুলো আমরা তদন্ত করে প্রকাশ করবো। পাশাপাশি এমন একটি পদ্ধতি দাঁড় করানো হবে ভবিষ্যতে কেউ যেন অনিয়ম করার সুযোগ না পায়।’

তিনি বলেন, ‘সন্ধানীর সবকিছু ডিজিটালাইজ করা হবে। কত ব্যাগ ব্লাড আছে, কত ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে। নিয়মিত আপডেট হবে। সেইসঙ্গে হিসাব-নিকাশের তালিকাও থাকবে। এরপাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে আমাদের বিভিন্ন ওয়ার্কশপ করার পরিকল্পনা আছে। এছাড়া শিক্ষার্থীদেরকে বিনামূল্যে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। বিগত সময়ে সন্ধানীর রুমটা স্মিমকিং জোন হয়ে গিয়েছিল, ছাত্রলীগের নেতারা রুমের মধ্যে স্মোক করতে করতে অসহনীয় করে তুলেছিল। সন্ধানীর রুম ধুমপান মুক্ত ঘোষণা করা হবে। একই সাথে রোগী ও শিক্ষার্থী বান্ধব করা হবে।’

ডিএমসি সন্ধানীর সাধারণ সম্পাদক দীপ্ত নূর কল্লোল মেডিভয়েসকে বলেন, ‘শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, যথাযথভাবে আমরা তা পালন করতে চাই। আগে সন্ধানীতে অনিয়মে ভরা ছিল, এখন নতুন করে সন্ধানী সাজানো হবে। সবকিছু পরিচালিত হতো লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি দিয়ে। এখন আমরা চাই, শিক্ষার্থীদের সমর্থন নিয়ে সন্ধানী পরিচালিত হোক। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে সন্ধানী।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডিএমসি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক