নারীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্ক্রিনিংয়ের বিষয়ে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. বিটু
মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (এসজেডএমসি) এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক আলোচনা ও স্ক্রিনিং কার্যক্রম এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২২) বগুড়ার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক, বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং এসজেডএমসির এলামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সহকারী অধ্যাপক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী, প্রখ্যাত চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক একটি বিশেষ ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।
এরপর ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ, ঝুঁকির কারণ, প্রতিরোধের উপায় এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব নিয়ে বৈজ্ঞানিক ও তথ্যসমৃদ্ধ প্রেজেন্টেশন উপস্থাপন করেন এসজেডএমসির আবাসিক সার্জন ডা. শরীফ সুলতান মাহবুব।
ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু তাঁর বক্তব্যে নারীর স্বাস্থ্যসুরক্ষা এবং ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্ক্রিনিংয়ের বিষয়ে সচেতন হতে হবে। পাশাপাশি সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত খেলাধুলা ও শারীরিক পরিশ্রম, পরিমিত ও সুষম খাদ্যাভ্যাস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর জন্মদিনের আনন্দকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থবহ করে তুলতে এবং মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে সৈয়দ আহম্মদ কলেজের নারী শিক্ষার্থীদের ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করা হয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় নারী শিক্ষার্থীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন এবং ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ, ঝুঁকি, প্রতিরোধ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ গ্রহণ করেন।
ডা. সাজ্জাদ হোসেন রুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসজেডএমসির এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এবং রংপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মুহা. জহুরুল হক।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য জনাব মোরশেদ মিল্টন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।
এছাড়াও আরও বক্তব্য দেন, এসজেডএমসির অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান, মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা. আমিনুর রহমান হীরা, বগুড়া জেলা বিএমএর সদস্য সচিব অধ্যাপক ডা. আব্দুল ওয়াহেদ, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ, সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামান, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বগুড়া কেন্দ্রের পরিচালক মো. আনিসুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মো. আনিসুর রহমান, ডা. শফিউল আলম বিটু, ডা. ইউনুস আলী, ডা. মিজানুল হাশেম শাহীন, ডা. ইশরাত সুলতানা জিমি, ডা. তাপস দাস, ডা. মনিরুজ্জামান মনির, ডা. আব্দুল আলীম, ডা. গোলাম মোস্তফা রাব্বি ও ডা. রাজিব হোসেনসহ ৩০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক।
অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সৈয়দ আহম্মদ কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
পরবর্তীতে ডা. বিটু স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে গাবতলীতে অবস্থিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘ছোঁয়া একাডেমি’ এবং সেবামূলক প্রতিষ্ঠান ‘তোমাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট’। পরিদর্শন করেন।
আয়োজকরা বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এ জনকল্যাণমূলক উদ্যোগ নারীর স্বাস্থ্যসুরক্ষা, ব্রেস্ট ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতা প্রতিষ্ঠায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
এমআই/