২৯ নভেম্বর, ২০২৪ ০৩:২৭ পিএম

শিক্ষার্থীদের ভোটে ডিএমসির মেডিসিন ক্লাবের নতুন কমিটি

শিক্ষার্থীদের ভোটে ডিএমসির মেডিসিন ক্লাবের নতুন কমিটি
বাঁ থেকে ইয়াসমিন, আজিজ, তাওসিফ ও রাজ।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) মেডিসিন ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অনলাইনে ‘ইউনিক কোড-ভিত্তিক’ ভোটিংয়ের মাধ্যমে মেডিসিন ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

শিক্ষার্থীদের ভোটে মেডিসিন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে আজিজুল ইসলাম এবং তাওসিফ ইকবাল নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ইয়াসমিন খান ও রেজওয়ানুল ইসলাম রাজ।

ডিএমসি মেডিসিন ক্লাবের নবনির্বাচিত সভাপতি আজিজুল ইসলাম বলেন, ‘খুব দ্রুতই জুনিয়র ব্যাচগুলোর সাথে কথা বলে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। বিগত বছরগুলোতে লেজুড়বৃত্তিক অপরাজনীতির কারণে মেডিসিন ক্লাবের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। যেকোনো ধরনের অপরাজনীতি রুখে দিয়ে ঢাকা মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি সচল, শিক্ষার্থীবান্ধব ও মানবিক মেডিসিন ক্লাব গড়ার প্রত্যয়ে আমরা কাজ করবো, ইনশাআল্লাহ।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাওসিফ ইকবাল বলেন, ‘মেডিসিন ক্লাব, ঢাকা মেডিকেল কলেজ ইউনিট অনেকদিন ধরেই অবহেলিত ছিল। এ ক্লাবের জন্য আমি এমন কিছু কাজ করে যেতে চাই, যাতে ১ বছর পর আমি যখন চলে যাব, তখনও যেন এসব কাজ চলমান থাকে। সম্পূর্ণ রাজনীতিমুক্ত, মানবহিতৈষী এবং শিক্ষার্থীবান্ধব ক্লাব গড়ে তোলার ব্যাপারে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আরেকটা উল্লেখ্যযোগ্য কাজ হলো প্রতি মাসে অন্তত একটি বা দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা আছে। পরিশেষে বলতে চাই, মেডিসিন ক্লাব ডিএমসির অন্যতম সেরা একটা ক্লাব হয়ে উঠুক।’

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডিএমসি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক