০৪ নভেম্বর, ২০২৪ ০৯:২৮ পিএম

ওএসডির পর বাধ্যতামূলক অবসরে বাগেরহাটের সিভিল সার্জন

ওএসডির পর বাধ্যতামূলক অবসরে বাগেরহাটের সিভিল সার্জন
জালাল-উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া বাগেরহাটের সিভিল সার্জন জালাল-উদ্দিন আহমেদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলির এক দিন পরই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে আজ সোমবার (৪ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গতকাল রোববার স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব শোভন রাংসা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জালাল উদ্দীন আহমেদকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়। আজকের প্রজ্ঞাপনে সই করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এ এম আকমল হোসেন আজাদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যেহেতু বাগেরহাটের সিভিল সার্জন জালাল-উদ্দিন আহমেদের (স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলির আদেশাধীন) চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাঁকে অবসর প্রদান করা প্রয়োজন বলে মনে করছে; তাই সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারা প্রদত্ত ক্ষমতাবলে তাঁকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হলো।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। এতে বলা হয়েছে, তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন।

এর আগে ২৪ অক্টোবর বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জরায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন। জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান ওই সময় উপস্থিত ছিলেন।

এ ঘটনায় সিভিল সার্জনের অপসারণের দাবি জানায় স্থানীয়রা। ওই রাতেই বাগেরহাট জেলা বিএনপি ও যুবদলের নেতৃত্বে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ২৭ অক্টোবরও একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে স্থানীয়রা।

প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য মন্ত্রণালয়
  এই বিভাগের সর্বাধিক পঠিত