বিএসএমএমইউতে মরণোত্তর দেহদানে অঙ্গীকারাবদ্ধদের সংবর্ধনা
মেডিভয়েস রিপোর্ট: মরণোত্তর দেহদানকারী ও দেহদানে অঙ্গীকারাবদ্ধ মহৎপ্রাণ অর্ধশত ব্যক্তিকে সংবর্ধনা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। আজ সোমবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠান আয়োজিত হয়। এ সময় সংবর্ধিতদের সম্মাননা স্মারক তুলে দেন বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।
বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. নূরুল হক। বিভাগের সহকারী অধ্যাপক ডা. শারমিন আক্তার সুমির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. লায়লা আঞ্জুমান বানু।
এ সময় মরণোত্তর দেহ ও অঙ্গদানে অঙ্গীকারাবদ্ধ ব্যক্তিদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, ‘এটা আমার জন্য একটি সুন্দর ও মহৎ দিন। আজ আমি এখানে কিছু মহামানবকে দেখছি। আপনারা ইতিহাস সৃষ্টি করেছেন। মানুষের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষার কার্যে আপনারা মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছেন। ইতোমধ্যে অনেক কর্নিয়াসহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। তাই আজ আমার মনে পড়ছে স্বামী বিবেকানন্দের সেই অমর বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।’
তিনি বলেন, ‘মানুষ হিসেবে আপনাদের স্থান অনেক ঊর্ধ্বে। আপনারা সাদা মনের মানুষ। আপনাদের চারিত্রিক দৃঢ়তা অসীম। মানুষের জন্য শেষ রক্ত বিন্দু দিয়ে যারা কাজ করে যায় আপনারা সেই সুন্দর শ্রেণির মানুষ। আপনাদেরকে পেয়ে আমরা সম্মানিত ও গৌরব বোধ করছি।’
বিএসএমএমইউ ভিসি বলেন, ‘মারা যাওয়ার পরে অনেক মহৎ ব্যক্তি মরদেহ বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে দান করে গেছেন। এই দেহটি পরবর্তীতে চিকিৎসা শিক্ষা এবং গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছে। কেউ কেউ আবার কর্নিয়া দান করে গেছেন, যেই কর্নিয়াগুলো অন্য মানুষের চোখে প্রতিস্থাপিত করা হয়েছে। আবার অনেক মহৎ ব্যক্তি আছেন যারা দেহ দানের অঙ্গীকার করে গিয়েছেন। সেই সকল ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদক প্রাপ্ত মনোরঞ্জন ঘোষাল, গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব কৃষ্ণ দাস গুপ্ত (মনু গুপ্ত), রয়েছেন জাতীয় পতাকার অন্যতম মূল নকশাকার প্রয়াত শিবনারায়ণ দাস প্রমুখ। রয়েছেন সাংবাদিকসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তি। তাদেরকে ও তাদের পরিবারের সদস্যদেরকে আজকের এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। এ ছাড়া রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্যাহ, অ্যানাটমি বিভাগের অধ্যাপক ডা. নাহিদ ফারহানা আমিন, ডা. লতিফা নিশাত, ডা. শাফিনাজ গাজী ও ডা. মহিউদ্দিন মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।
এনএআর/
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫