২৩ মার্চ, ২০২৪ ০৭:১৩ পিএম

কর্মবিরতিতে খুলনা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

কর্মবিরতিতে খুলনা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ভাতা বৃদ্ধির দাবিতে সারাদেশের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে একমত পোষণ করে কর্মবিরতির ডাক দিয়েছে খুলনা মেডিকেল কলেহজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)।

আজ শনিবার (২৩ মার্চ) সংগঠনটির সভাপতি ডা. দিবাকর চাকমা ও সাধারণ সম্পাদক ডা. আসাদুজ্জামান সাগর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘বাংলাদেশের সকল ইন্টার্ন চিকিৎসকদের প্রাণের দাবি হলো তাদের বেতন ভাতা বৃদ্ধি করা হোক। সেই প্রেক্ষিতে গতবছর ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসক সবাই মিলে আন্দোলন করেছিল, তাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য এবং সেই সময়ের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে, সবার বেতন ভাতা বৃদ্ধি করা হবে। তাই পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছিল দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়নি।’

‘বারবার আমাদের আশ্বাস দেয়া হয়েছিল যে ইন্টার্ন‌ চিকিৎসকদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে কিন্তু আজ পর্যন্ত এর কোন অগ্রগতি দেখা যায়নি। যে কোন মেডিকেল কলেজ হাসপাতালের অগ্রনী সেনানী হলো ইন্টার্ন চিকিৎসকরা। আমরা দিন- রাত অক্লান্ত পরিশ্রম করে রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। আমরা অমানবিকভাবে যেইভাবে পরিশ্রম করে যাচ্ছি সেই তুলনায় আমাদের বেতন ভাতা খুবই নগণ্য। তাই দাবি একটাই, আমাদের বেতন ভাতা ৩০,০০০ টাকা করা হোক। আমাদের এই দাবি যৌক্তিক এবং আমাদের এই দাবি পূরণ করতেই হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে বাংলাদেশের সকল ইন্টার্ন চিকিৎসক দুই দিনের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে। তাই ইন্টার্ন চিকিৎসক পরিষদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সবার সাথে একাত্মতা প্রকাশ করে আগামী ২৪ মার্চ ও ২৫ মার্চ কর্মবিরতি ঘোষণা করছে। আমাদের দাবি মেনে না নিলে আমরা আবারও শক্তিশালী হয়ে কর্মবিরতিতে যাবো’, বলা হয় বিজ্ঞপ্তিতে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত