প্রতিষ্ঠার ৪১ বছর পর সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু
মেডিভয়েস রিপোর্ট: প্রতিষ্ঠার দীর্ঘ ৪১ বছর পর গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার (ওটি) চালু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সিজারিয়ান সেকশনের মাধ্যমে এ সেবার দ্বার উন্মোচন হয়েছে।
আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আরিফুজ্জামান মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমাদের হাসপাতালে দীর্ঘদিন পর অপারেশন থিয়েটার চালু হয়েছে এটা নিঃসন্দেহে একটা খুশির খবর। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ। তাঁর সদিচ্ছার কারণে আমরা অপারেশনের জন্য উন্নতমানের যন্ত্রপাতি পেয়েছি। স্থানীয় এমপি মহোদয় এ বিষয়ে অনেক সহযোগিতা করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদেরও অনেক ধন্যবাদ।’
তিনি আরও বলেন, ‘হাসপাতালে চিকিৎসক ও নানা সরঞ্জামাদির অভাবে সিজারিয়ান অপারেশন চালু ছিল না। এখন থেকে নিয়মিত অপারেশন হবে। গ্রাম এলাকার প্রসূতিরা সহজেই সেবা পাবেন। হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও স্টাফদের ধন্যবাদ। তাঁদের আন্তরিক সহযোগিতায় এ পর্যন্ত আসা সম্ভব হয়েছে।’
স্থানীয়রা জানান, কোনো প্রসূতির সিজারের প্রয়োজন হলে আগে জেলা শহর গাইবান্ধা, বিভাগীয় শহর রংপুর ও বগুড়া যাওয়া ছাড়া উপায় ছিল না। এখন ঝামেলা ছাড়াই সিজারিয়ান সেবা পাওয়া যাবে।
জানা যায়, প্রথম দিনে মারুফা বেগম নামের এক প্রসূতির সিজার হয়। বর্তমানে নবজাতক ও প্রসূতি উভয়েই সুস্থ আছেন। মারুফা বেগমের স্বামী আনিছুর রহমান বলেন, ‘স্ত্রীর সিজার নিয়ে প্রথমে কিছুটা ভয়ে ছিলাম, কারণ এটি হাসপাতালে প্রথম সিজার। সুষ্ঠুভাবে সিজার সম্পন্ন হওয়ায় হয়রানি থেকে রক্ষা ও আর্থিকভাবে উপকৃত হয়েছি। এমন কাজের পুরো কৃতিত্বই স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুজ্জামানসহ সংশ্লিষ্টদের।’
প্রসঙ্গত, ১৯৮৩ সালে ৩১ শয্যা বিশিষ্ট সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু হয়। পরে ২০১২ সালে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও আগের জনবল দিয়ে পরিচালিত হয়ে আসছিল। হাসপাতালটি প্রতিষ্ঠার শুরু থেকে জনবল সংকট থাকায় প্রসূতি স্বাস্থ্য সেবায় সিজারিয়ান অপারেশন বন্ধ ছিল। গাইনি চিকিৎসক থাকলেও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ছিলেন না। ফলে অপারেশন থিয়েটার অচল পড়েছিল।
এসএস/এএনএম
-
০২ ফেব্রুয়ারী, ২০২৪
-
১১ অক্টোবর, ২০২৩
টিকা প্রয়োগে সাফল্য
সুন্দরগঞ্জ উপজেলার করোনা টিমকে বিশেষ সম্মাননা
-
১৯ জুলাই, ২০২৩
-
০৬ অক্টোবর, ২০২২
-
২১ মে, ২০২১
-
২০ মার্চ, ২০২১