টিকা প্রয়োগে সাফল্য
সুন্দরগঞ্জ উপজেলার করোনা টিমকে বিশেষ সম্মাননা
মেডিভয়েস রিপোর্ট: করোনাকালীন বিশেষ অবদানের জন্য গাইবান্ধার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সুন্দরগঞ্জ উপজেলার করোনা টিমকে বিশেষ সম্মাননা প্রদান করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (১১ অক্টোবর) গাইবান্ধার জেলা প্রশাসক মো. অলিউর রহমান সংশ্লিষ্টদের হাতে এ সম্মাননা তুলে দেন।
সুন্দরগঞ্জ উপজেলার করোনা টিমে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) মোহাম্মদ আবুল ফাত্তাহ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আল মারুফ এবং অফিসার ইনচার্জ ইফতেখারুল মোকাদ্দেম।
সূত্রে জানা গেছে, করোনা টিকা প্রদানে সরকারের তরফ থেকে ৭০% লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ে টিকা প্রদানের লক্ষ্যে সুন্দরগঞ্জ উপজেলা প্রতিদিন গড়ে ২০-২৫ হাজার টিকা প্রদান করে। এর ফলশ্রুতিতে এ উপজেলা ৯০% ১ম ডোজ এবং ৭৮% ২য় ডোজ টিকা প্রদানে সক্ষম হয়, যা অন্যান্য উপজেলার লক্ষ্য পূরণেও সহায়তা করেছে এবং গাইবান্ধা জেলাকে এগিয়ে নিয়ে গেছে।
এমইউ/