ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানি করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু রোগীদের চিকিৎসায় প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানি করার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার (১২ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জাহিদ মালেক বলেন, ‘সারাদেশে হঠাৎ করেই ডেঙ্গুরোগী বেড়ে যাওয়ায় স্যালাইনের চাহিদা ১০ গুণ বেড়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৪০ হাজার ব্যাগ স্যালাইন দিতে হচ্ছে। মাসে চাহিদা ১২ লাখ ব্যাগ। এ অবস্থায় ডেঙ্গুরোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানি করতে বলা হয়েছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে স্যালাইন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে ফুল প্রোডাকশন করতে বলা হয়েছে। সবগুলো ওষুধ কোম্পানি মিলেও চাহিদা মাফিক স্যালাইন উৎপাদন করতে পারছে না। সে কারণে গত দুদিন আগে মিটিং করে প্রয়োজনে মন্ত্রণালয়কে বিদেশ থেকে স্যালাইন আমদানির নির্দেশনা দেওয়া হয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গুর নমুনা পরীক্ষার কীট সংকট নেই। সরবরাহ কম বা ঘাটতি দেখে প্রয়োজনে বাইরে থেকে সরবরাহ করতে বলা হয়েছে।’
তিনি বলেন, ‘ডেঙ্গুরোগীদের চিকিৎসার জন্য সব ব্যবস্থা নেওয়া আছে। ঢাকা শহরেই শুধু ৩ হাজার বেড রাখা আছে, ২ হাজার বেডে রোগী ভর্তি আছে। সারাদেশে ৫ হাজার বেড রেডি রাখার জন্য বলেছি, অনেক বেড এখনো খালি আছে।’
মন্ত্রী আরও বলেন, ‘ডেঙ্গুরোগী কমাতে হলে মশা কমাতে হবে, মশা কমলে মশার কামড়ও কমবে, তখন ডেঙ্গু সংক্রমণও কমবে। নিজেদের আঙিনা নিজেদেরই পরিষ্কার রাখতে হবে।’
তিনি বলেন, ‘দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সরা যথাসাধ্য সেবা দিয়ে যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আরও গতিশীল হতে হবে। কারণ মশা কমলেই ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে যাবে। মন্ত্রণালয় থেকে সিটি করপোরেশন ও পৌরসভাকে নির্দেশ দেয়া হয়েছে বেশি করে মশা মারার ওষুধ প্রয়োগ করার জন্য। এছাড়া সাধারণ মানুষকে সচেতন হতে হবে।’
-
২৭ অগাস্ট, ২০২৬
-
০৬ অক্টোবর, ২০২৫
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২৬ নভেম্বর, ২০২৪
স্বাস্থ্যখাতে বিভিন্ন অনিয়ম বন্ধের দাবি
মানিকগঞ্জের সিভিল সার্জনের কাছে এসডিএসএম’র স্মারকলিপি
-
২৫ অগাস্ট, ২০২৪
-
০৮ অগাস্ট, ২০২৪
-
২৪ এপ্রিল, ২০২৪