খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহ করাই আমার মূল কাজ: খাদ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: বিমান মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘জনগণের খাদ্য নিরাপত্তা দেওয়া এবং নিরাপদ খাদ্য সংগ্রহ করাই আমার মূল কাজ।’
আজ শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন বিএনপির এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বিমান মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে আমি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এখন খাদ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দ্বায়িত্ব গ্রহণ করে মূল কাজ হলো জনগণের খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহ করা।’
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের প্রতিনিধি। আপনারা পাশে আছেন বলেই আপনাদের কাজ করে যেতে পারছি। আমৃত্যু যেন আমি জনগণের জন্য কাজ করে যেতে পারি।’
এর আগে বিনামূল্যে চিকিৎসাসেবা নিয়ে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় গিরীশ ইনস্টিটিউশন প্রাঙ্গণে কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠান পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, যুবদলের আহ্বায়ক আমীর হামজা, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বকুলসহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতারা।
এমআই/