স্বাস্থ্যখাতে বিভিন্ন অনিয়ম বন্ধের দাবি
মানিকগঞ্জের সিভিল সার্জনের কাছে এসডিএসএম’র স্মারকলিপি
মেডিভয়েস রিপোর্ট: মানিকগঞ্জে স্বাস্থ্যখাতে বিভিন্ন অনিয়ম বন্ধের দাবিতে সিভিল সার্জন ডা. মো. মকছেদুল মোমিনের কাছে স্মারকলিপি দিয়েছেন সোসাইটি অব ডক্টরস অ্যান্ড স্টুডেন্টস অব মানিকগঞ্জ (এসডিএসএম)।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় এ স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। এ সময় দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে তা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন সিভিল সার্জন।
জানা গেছে, মানিকগঞ্জ জেলায় শতাধিক ক্লিনিক ও হাসপাতাল রয়েছে। তবে অধিকাংশ হাসপাতালে ২৪ ঘণ্টা মেডিকেল অফিসার থাকেন না। এ ছাড়াও অপারেশনে এসিস্ট্যান্ট হিসেবেও এমবিবিএস ডাক্তার থাকেন না। ক্লিনিকগুলোতে ওয়ার্ড বয় কিংবা নার্স দিয়ে দিনের পর দিন ওটি এসিস্ট চলে আসছে। বিভিন্ন সময় সিভিল সার্জন অফিস থেকে তাদের নোটিশ দেয়া হলেও ক্লিনিকগুলো সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বলে গেছে।
অভিযোগ রয়েছে, সার্জনরা অপারেশন করে রোগী রেখে চলে যান। রোগীদের পরবর্তী দেখাশোনার জন্য ক্লিনিকে রাতে কোনো ডিউটি ডাক্তার অবস্থান করেন না। এতে অপারেশন পরবর্তী কোনো জটিলতায় রোগীকে তাৎক্ষণিক কোনো সেবা দেয়া সম্ভব হয় না। ফলে রোগীর মৃত্যুঝুঁকি বেড়ে যায়।
এসডিএসএম নেতৃবৃন্দ জানান, ক্লিনিকগুলোর লাইসেন্স, প্যাথলজিকাল টেস্টের জন্য উপযুক্ত টেকনিশিয়ান নেই। রোগীরা তাদের কষ্টের টাকা দিয়েও সঠিক রিপোর্ট পান না। দিনের পর দিন চলে আসা এই প্রতারণার সমাধান চান মানিকগঞ্জে রোগীরা। এরই পরিপ্রেক্ষিতে আজ সিভিল সার্জনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ সময় সিভিল সার্জন দাবিগুলো যৌক্তিক বলে উল্লেখ করেন এবং তা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের এনেস্থিসিয়া বিভাগের কনসালটেন্ট এবং এসডিএসএম’র উপদেষ্টা ডা. জিয়াউল হক ও ডা. কাজী রাসেল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আল আমিন,
এসডিএসএম’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নাহিদ হাসান, সাবেক কার্যকরী সদস্য কাজী শোভন, ডা. শোভন মাহমুদ, ডা. আদৃতা, ডা. রবিন এবং ডা. শরিফুল ইসলাম।