চিকিৎসকদের দক্ষতায় ম্যালেরিয়া রোগীর জীবন রক্ষা
মেডিভয়েস রিপোর্ট: শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের দক্ষতা ও সময়োচিত সিদ্ধান্তে আব্দুর রহীম (৪০) নামে মুমূর্ষু এক ম্যালেরিয়া রোগীর জীবন রক্ষা পেয়েছে। সম্প্রতি হাসপাতালের চিকিৎসকদের তাৎক্ষণিক পদক্ষেপের কল্যাণে এ রোগীর জীবন রক্ষা পায়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী আজ শনিবার (১২ আগস্ট) দুপুরে মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১ আগস্ট সকালে জাম্বুরাছড়া এলাকা থেকে প্রচণ্ড জ্বরে আক্রান্ত রোগীকে প্রায় অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক পরীক্ষা করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পার্থ সারথি সিংহ রোগীকে হাসপাতালের অন্তর্বিভাগে ভর্তির পরামর্শ দেন।
পরে এ বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তারের নির্দেশে রোগীকে ম্যালেরিয়া পরীক্ষা করা হয়। ফলাফলে রোগীর ম্যালেরিয়া শনাক্ত হয়।
শ্রীমঙ্গলের ইউএইচএফপিও জানান, রোগী অজ্ঞান ছিলেন বলে প্রাথমিকভাবে মারাত্মক ম্যালেরিয়া (সেরেব্রাল ম্যালেরিয়া) হিসাবে ধারণা করা হয়। এর আলোকে শিরায় ম্যালেরিয়ার ইঞ্জেকশন আর্টিসুনেট দিয়ে রোগীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে (সিওমেক) পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কারণ এর রকম রোগীর যে কোন সময় নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) দরকার পড়ে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরীর নির্দেশনা অনুযায়ী চিকিৎসা চলতে থাকে। পরে রোগীকে সিওমেকে মেডিসিন ইউনিটে পাঠানো হয়।
মেডিসিন বিভাগ থেকে জানানো হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সময়মতো আর্টিসুনেট ইঞ্জেকশন দেওয়ায় রোগী মৃত্যুর দরজা থেকে ফেরত আসতে সক্ষম হয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদল ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা ও বিচক্ষণতায় রোগীটি তাঁর জীবন পুনরায় ফিরে পেয়েছেন।
পেশায় কাঠুরে ওই রোগী বর্তমানে পূর্ণ সুস্থ আছেন জানিয়ে শ্রীমঙ্গলের ইউএইচএফপিও বলেন, গত পরশু রোগী তাঁদের সঙ্গে দেখা করে গেছেন। হাসপাতালের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এমইউ