১১ নভেম্বর, ২০২৬ ০৩:১৪ পিএম

২০৩০ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

২০৩০ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ২০৩০ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা (ইউএইচসি) অর্জনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ভৌগোলিক অবস্থান ও সামাজিক মর্যাদা নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

আজ বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের প্রথম সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিমসটেকভুক্ত দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রী, নীতিনির্ধারক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমানো, পোলিওমুক্ত অবস্থা বজায় রাখা এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন স্বাস্থ্য সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকার আওতা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৮৫ শতাংশের বেশি করা হয়েছে। চলতি নভেম্বরের মধ্যে শতভাগ টিকাদান কভারেজ অর্জনের লক্ষ্যে কাজ চলছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করে জিডিপির ১ দশমিক ০১ শতাংশে উন্নীত করেছে। পর্যায়ক্রমে এ বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ৪ হাজার ৬০০-এর বেশি ইউনিয়নে বহুমুখী স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার কার্যক্রম নেওয়া হয়েছে। এ ছাড়া বড় সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, ১৫টি বড় হাসপাতালে উন্নত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা এবং ওয়ান হেলথ পদ্ধতি বাস্তবায়নে কাজ চলছে।

স্বাস্থ্যসেবার ডিজিটাল রূপান্তরের বিষয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। এ লক্ষ্যে সমন্বিত ইলেকট্রনিক হেলথ রেকর্ড ব্যবস্থা এবং ইউনিক ই-হেলথ আইডি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বিমসটেকের আওতায় আঞ্চলিক জেনেটিক রোগ পর্যবেক্ষণ ও প্রাথমিক সতর্কতা ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেন।

তিনি বলেন, অসংক্রামক রোগ, জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং মহামারি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ একযোগে কাজ করতে প্রস্তুত।

সম্মেলনে আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক