২৭ অগাস্ট, ২০২৬ ০৩:০৯ পিএম

ঘিওরে সরকারি খাদ্য গুদাম সিলগালা, চলছে বিশেষ অডিট

ঘিওরে সরকারি খাদ্য গুদাম সিলগালা, চলছে বিশেষ অডিট
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্য গুদাম সাময়িকভাবে সিলগালা করেছে খাদ্য অধিদপ্তরের একটি পরিদর্শক দল। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পরিদর্শনের পর গুদামটি সিলগালা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি খাদ্য গুদামের মজুত ও দাপ্তরিক হিসাবের স্বচ্ছতা যাচাই করতে দেশের বিভিন্ন উপজেলায় বিশেষ অডিট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে বুধবার ঢাকাসহ জেলা পর্যায়ের কর্মকর্তাদের একটি দল ঘিওর উপজেলা খাদ্য গুদামে যায়।

পরিদর্শনের সময় কর্মকর্তারা গুদামে থাকা খাদ্যশস্যের প্রকৃত মজুতের সঙ্গে দাপ্তরিক নথিপত্রের হিসাব মিলিয়ে দেখেন। অডিট কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত গুদামের কার্যক্রম সাময়িকভাবে নিয়ন্ত্রণে রাখতে এটি সিলগালা করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হলেও খাদ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অডিটের স্বার্থেই গুদামটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ঘিওর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফারহানা আক্তার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ অডিট কার্যক্রম চলছে। এ কারণে গুদামটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আইয়ুব রায়হান বলেন, খাদ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের নির্দেশনায় জেলায় খাদ্য গুদামগুলোর স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ অডিট করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঘিওরের গুদাম পরিদর্শন করা হয়েছে। দাপ্তরিক হিসাব ও মজুত যাচাইয়ের সুবিধার্থে গুদাম সাময়িক সিলগালা করা হয়েছে। অডিট শেষ হলে এটি খুলে দেওয়া হবে। কোনো অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উচ্চপর্যায়ের খাদ্য কর্মকর্তাদের নির্দেশে অডিট কার্যক্রমের অংশ হিসেবে গুদামটি সাময়িক সিলগালা করা হয়েছে। অডিট শেষ হলে গুদাম খুলে দেওয়া হবে। এ নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান তিনি।

এদিকে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল কুমারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক