২৩ ডিসেম্বর, ২০২০ ০২:০২ পিএম

যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: মো. সাহিদ

মেডিভয়েস রিপোর্ট: যুক্তরাজ্যে নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় তাদের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের সাত দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানান তিনি।

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ‘জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল ল্যাবরেটরি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নতুন ধরনের সংক্রমণ ছড়ানোর পরে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, এশিয়ার অন্তত ৪০টি দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। আমরাও এই বিষয়টা নিয়ে আলোচনা-পর্যালোচনা করছি। পরিস্থিতি সে পর্যায়ে গেলে আমরাও বিমান চলাচল বন্ধ করে দিব।’

দেশে কেউ যেন করোনার নতুন ধরনে আক্রান্ত না হয় সেজন্য পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে এ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘এর আগে ইউরোপ থেকে আসা যাত্রীদের তিন দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হতো। এসময়ের মধ্যে তাদের করোনা পরীক্ষা করা হতো। ইউরোপে করোনার নতুন ধরন দেখা দেয়ায় আমরা তিন দিনের পরিবর্তে ইউরোপ ফেরত যাত্রীদের সাত দিন করে হোম কোয়ারেন্টাইনে রাখবো।’

করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশে এখনও লকডাউনের পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘এখন পর্যন্ত দেশের পরিস্থিতি দেখে বলা যায় করোনা নিয়ন্ত্রণে আছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে। পোশাক খাত চালু আছে, নিরাপত্তা ব্যবস্থা সুন্দর আছে।’

তিনি বলেন, ‘আমাদের পর্যাপ্ত বেড রয়েছে, তবে যদি তা বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আমরা সংখ্যা আরও বাড়াবো। আমাদের অক্সিজেন সরবরাহে কোনো ঘাটতি নেই, তবে আমাদের একটা অক্সিজেন কারখানা বন্ধ থাকায় ভারত থেকে অক্সিজেন আমদানি অব্যাহত রেখেছি। পুনরায় কারখানা চালু না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।’

করোনা মোকাবিলায় আমাদের সক্ষমতা আছে, তবে নতুন নতুন ল্যাব উদ্বোধনের মাধ্যমে এ সক্ষমতা আরো বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে এখন সুস্থতার হার ৮৮ শতাংশ। অন্যদিকে আক্রান্তের হার ১০ শতাংশের ঘরে ওঠানামা করছে, একই অবস্থানে আছে মৃত্যু হার। আক্রান্ত ও মৃত্যুর হার নিয়ন্ত্রণে রাখতে আমাদের আরও সচেতন হতে হবে। এ বিষয়ে সবাইকে সহযোগিতা করতে হবে। আমরা সবাই মিলে করোনা জয় করতে চাই।’

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, আর্মি কোয়ারেন্টাইন ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল সাইফ, হজ ক্যাম্প কোয়ারেন্টাইন ইনচার্জ মেজর মোস্তফা, ডিএমএফআর ল্যাব প্রধান ফয়জুর রহমান প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জাহিদ মালেক
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক