কালাজ্বর-ফাইলেরিয়ামুক্ত বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েসি রিপোর্ট: বাংলাদেশ এখন কালাজ্বর ও ফাইলেরিয়ামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার (৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে বিজয় লাভ, বাংলাদেশ বিশ্বে প্রথম কালাজ্বর ও ফাইলেরিয়ামুক্ত হওয়া নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীর মধ্যে প্রথম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কালাজ্বর নির্মূল করতে সক্ষম হয়েছে। এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সনদও আমরা পেয়েছি। ডব্লিউএইচওর যে গাইডলাইন ছিল, সেটা আমরা ফলো করেছি। মানসম্মত চিকিৎসা এবং ল্যাব স্থাপনেও আমরা বিশেষভাবে কাজ করেছি। একইসঙ্গে বাংলাদেশ ফাইলেরিয়াওমুক্ত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা গত চার বছরের তথ্য ডব্লিউএইচওর কাছে প্রদান করেছি। তারা রিভিউ করে দেখেছে, বাংলাদেশ আসলেই কালাজ্বর নির্মূল করতে পেরেছে। এ কারণে গত ৩০ অক্টোবরের ডব্লিউএইচও আমাদের সনদ প্রদান করে। পৃথিবীর অন্য কোনো দেশ এখনও কালাজ্বর মুক্ত হতে পারেনি। আমরা একইসঙ্গে ফাইলেরিয়াও মুক্ত হয়েছি।’
টিআই/এএনএম