২৭ নভেম্বর, ২০২০ ০৪:৫৪ পিএম

করোনায় বিদায় আরও ২০ জন, নতুন শনাক্ত ২২৭৩

করোনায় বিদায় আরও ২০ জন, নতুন শনাক্ত ২২৭৩

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৫৪৪ জনে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন করে প্রাণ হারানো ২০ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৩ জন নারী। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের ১১৮টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৯২২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয় ১৬হাজার ৩৭৮টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৭ লাখ ২৯ হাজার ৫৮০টি।

এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ২৭৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৫৮ হাজার ৭১১ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩ হাজার ৬৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৩ দশমিক শূন্য ৮৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৪৬ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। পরে ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যুর কথা নিশ্চিত করা হয়। এ পর্যন্ত মোট মৃত্যু ৬ হাজার ৫৪৪ জনের। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ২৪ জন (৭৬ দশমিক ৭৭ শতাংশ) ও নারী ১ হাজার ৫২০ জন (২৩ দশমিক শূন্য ২৩ শতাংশ)।

এর আগে গত বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত