২৭ নভেম্বর, ২০২০ ০৪:০৪ পিএম

নানা আয়োজনে বিএমএ’র ডা. মিলন দিবস পালন

নানা আয়োজনে বিএমএ’র ডা. মিলন দিবস পালন
ডা. মিলনের কবরে ফুল দিয়ে বিএমএ নেতৃবৃন্দের শ্রদ্ধা

মেডিভয়েস রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ৯০-এর স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের শহীদ চিকিৎসক নেতা ডা. শামসুল আলম খান মিলনের ৩০তম শাহাদত বার্ষিকী পালন করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। শহীদ ডা. মিলন বিএমএ'র তৎকালীন যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় কালোব্যাজ ধারণের মাধ্যমে শহীদ ডা. মিলন দিবসের কার্যক্রাম শুরু করে সংগঠনটি।

কর্মসূচির মধ্যে ছিলো সকাল সাড়ে সাতটায় কালোব্যাজ ধারণ, সকাল আটটায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন ও ফাতেহা পাঠ, সকাল সাড়ে আটটায় টিএসসি মোড়ে শহীদ ডা. মিলন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন। পরে বেলা নয়টায় ঢাকা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বিএমএ।

এতে ডা. মিলনের সংক্ষিপ্ত স্মৃতিচারণে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘তৎকালীন বিএমএ'র নেতৃত্বে স্বৈরাচারী সামরিক সরকারের চাপিয়ে দেওয়া গণ-বিরোধী স্বাস্থ্যনীতির বিরুদ্ধে ও চিকিৎসকদের ২৩ দফার দাবিতে যে আন্দোলন সংগ্রাম চলছিল সেখানে মিলন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অসীম সাহসী মিলন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ও চিকিৎসকদের ২৩ দফা দাবি বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করে গেছেন।’

বর্তমান সরকারের আমলে তৎকালীন সকল দাবি বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে চিকিৎসকদের ২৩ দফার প্রায় সকল দাবিই বাস্তবায়িত হয়েছে। এ সময় আগামী দিনে সকল পেশাজীবীদের সাথে নিয়ে কৃত্যপেশাভিত্তিক প্রশাসন, চিকিৎসকদের মান-মর্যাদা বৃদ্ধি, আন্তঃক্যাডার বৈষম্যের নিরসন ও কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধান নিশ্চিতে বিএমএ কাজ করে যাবে বলেও জানিয়েছেন বিএমএ সভাপতি।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বিএমএ সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান, বিএমএ সাবেক মহাসচিব ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বিএমএ সাবেক মহাসচিব ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বিএমএ কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ডা. মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, ডা. জহুরুল হক সাচ্চু, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খান আবুল কালাম আজাদ প্রমুখ চিকিৎসক নেতৃবৃন্দ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত