করোনায় অতিরিক্ত পুলিশ সুপারের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অতিরিক্ত পুলিশ সুপার (চুক্তিভিত্তিক) মো. আজিজুর রহমান চৌধুরী। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯৮২ সালের ১ জানুয়ারি পুলিশ বাহিনীতে যোগ দেওয়া এ কর্মকর্তা বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পলিটিক্যাল শাখায় কর্মরত ছিলেন।
বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন শেষে আজিজুর রহমান ২০০২ সালের ২৭ আগস্ট পুলিশের বিশেষ শাখায় যোগ দেন। পরে সেখান থেকেই ২০১৯ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছায় অবসরে যান। তবে সিক্রেট ডকুমেন্ট প্রণয়নের কাজে বিশেষ পারদর্শিতার কারণে পরবর্তীতে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।
আজিজুর রহমান ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বইটি তৈরিতে যুক্ত ছিলেন।
তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৫৯ সালের ১ মে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নন্দনগর গ্রামে জন্মগ্রহণ করেন আজিজুর রহমান।
পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪