চাকরিতে স্থায়ী হলেন ৩০৭ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে ৩০৭ জন চিকিৎসকের চাকরি স্থায়ী করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ২৬৪ জন, বিসিএস (স্বাস্থ্য, ডেন্টাল) ক্যাডারের ১৬ জন এবং পিএসসির সুপারিশের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়মিত হওয়া ২৭ জন চিকিৎসক রয়েছেন। তবে বিসিএস রিক্রইটমেন্ট রুলসের শর্ত পূরণ না হওয়ায় সাত চিকিৎসকের চাকরি স্থায়ীকরণের সুপারিশ করেনি মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনাল-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বিসিএস নিয়োগ বিধি ১৯৮১ এর বিধি ৭(১) ও ৭(২) এবং ৮(এইচ) অনুসারে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নোক্ত কর্মকর্তাদের চাকরি তাদের নামের পাশে বর্ণিত তারিখ হতে স্থায়ী করা হলো।
গত ১৮ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিবের (পার) সভাপতিত্বে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসক কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বার্ষিক গোপনীয় অনুবেদন বিরূপ মন্তব্য থাকায়/বার্ষিক গোপনীয় অনুবেদন না থাকায়/শৃঙ্খলামূলক প্রতিবেদন সন্তোষজনক না থাকায়/বিসিএস রিক্রইটমেন্ট রুলস ১৯৮১ এর 8(f);g) এর শর্ত পূরণ না হওয়ায় সাত কর্মকর্তার চাকরি স্থায়ীকরণের সুপারিশ করা হয়নি।
রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারি করা এ আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে।
-
২৪ মে, ২০২৬