০২ অক্টোবর, ২০২৬ ০৬:২৯ পিএম

টাইমস হায়ার এডুকেশনের বিশ্ব র‍্যাংকিংয়ে প্রথমবারের মতো বিএমইউ

টাইমস হায়ার এডুকেশনের বিশ্ব র‍্যাংকিংয়ে প্রথমবারের মতো বিএমইউ
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। এর মাধ্যমে দেশের চিকিৎসাশিক্ষা ও চিকিৎসাগবেষণার ক্ষেত্রে এক ইতিহাস সৃষ্টি করলো বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি সংস্থাটির প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৭’-এ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় ১২০১ থেকে ১৪০০ ব্যান্ডের মধ্যে জায়গা করে নিয়েছে এই চিকিৎসাশিক্ষা প্রতিষ্ঠান।

র‍্যাংকিং কর্তৃপক্ষের মূল্যায়ন সূচক অনুযায়ী, প্রতিষ্ঠানটি সর্বমোট ৩০ দশমিক ৫ সামগ্রিক স্কোর অর্জন করেছে। এর মধ্যে বিভিন্ন মানদণ্ডে বিএমইউর সূচকভিত্তিক স্কোরগুলো হলো—রিসার্চ কোয়ালিটি বা গবেষণার মানে ৫২ দশমিক ৩, টিচিং বা শিক্ষাদানে ২৬ দশমিক ৪, ইন্টারন্যাশনাল আউটলুক বা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে ৩৬ দশমিক ৯, ইন্ডাস্ট্রি বা শিল্প সংশ্লিষ্টতায় ২০ দশমিক ৫ এবং রিসার্চ এনভায়রনমেন্ট বা গবেষণার পরিবেশে ১২ দশমিক ২।

বিএমইউর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫ সালের শিক্ষা ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম এবং ২০২৬ সালের মার্চে সরবরাহকৃত তথ্যের নিবিড় মূল্যায়নের পরই বিএমইউকে প্রথমবারের মতো এই বৈশ্বিক সম্মাননার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই আন্তর্জাতিক স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক প্রতিক্রিয়ায় কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক প্রস্তুতি, সঠিক তথ্য ব্যবস্থাপনা এবং র‍্যাংকিং কমিটির কাজের ধারাবাহিক চেষ্টার ফলেই এই সুন্দর সূচনা সম্ভব হয়েছে। একই সাথে কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুষদের ডিন, শিক্ষক-গবেষক, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীসহ বিএমইউ পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

কর্তৃপক্ষের আশাবাদ, আগামী দিনে আন্তর্জাতিক যৌথ গবেষণা বৃদ্ধি, গবেষণার মান ও পরিবেশের উন্নয়ন, সাইটেশন বৃদ্ধি এবং আন্তর্জাতিকীকরণের মাধ্যমে বিএমইউ বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তিকে আরও সমুন্নত করবে।

জেএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত