১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২২ পিএম
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা

তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ

তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: তামাক কর সংস্কারে জনস্বাস্থ্যকেন্দ্রিক ও বাস্তবসম্মত নীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে একটি কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বনানীস্থ হোটেল সারিনায় ‘বাজারের পরিবর্তিত প্রবণতা ও নীতিগত দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটে তামাক করনীতি সংস্কার’ শীর্ষক এই সংলাপ অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি)।

অনুষ্ঠানে পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন ফর টোব্যাকো-ফ্রি কিডসের (সিটিএফকে) দক্ষিণ এশিয়া কর্মসূচির আঞ্চলিক পরিচালক ড. মাহিন মালিক।

সংলাপে বিশেষজ্ঞ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক ন্যাশনাল প্রফেশনাল অফিসার (এনসিডি) ড. সৈয়দ মাহফুজুল হক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্সের পরিচালক অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক অধ্যাপক এ. কে. এনামুল হক।

সূচনা বক্তব্যে তামাক বাজারের সাম্প্রতিক গতিপ্রকৃতি, ভোক্তার আচরণ ও করনীতির উদীয়মান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন পিপিআরসির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট মোহাম্মদ ইহতেশাম হাসান।

সংলাপে বক্তারা বলেন, তামাকের ওপর কর আরোপ কেবল সরকারের রাজস্ব আহরণের মাধ্যম নয়; এটি অসংক্রামক রোগ প্রতিরোধ, অকালমৃত্যু হ্রাস এবং জনস্বাস্থ্য সুরক্ষার একটি অন্যতম প্রধান কার্যকর উপকরণ। যথাযথ কর ও মূল্যনীতি কার্যকর করা গেলে তরুণ ও নিম্নআয়ের জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব।

বিশেষজ্ঞরা আরও উল্লেখ করেন, মানুষের আয় ও ক্রয়ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তামাকপণ্য যেন আরও সহজলভ্য না হয়ে ওঠে, সেদিকে নজর দিতে হবে। বিচ্ছিন্নভাবে সামান্য কর বাড়ানোর পরিবর্তে একটি সহজ, সমন্বিত, তথ্যপ্রমাণনির্ভর এবং কার্যকর করব্যবস্থা প্রবর্তন করা এখন সময়ের দাবি। বক্তারা তামাকের প্রকৃত মূল্য বাড়িয়ে কমদামি পণ্যে স্থানান্তরের সুযোগ সংকুচিত করতে সরকার, অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

 জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : তামাক কর
  এই বিভাগের সর্বাধিক পঠিত