০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ পিএম

কুয়াকাটায় ভ্রমণে এসে প্রাণ গেল নারী চিকিৎসকের, আহত ৩

কুয়াকাটায় ভ্রমণে এসে প্রাণ গেল নারী চিকিৎসকের, আহত ৩
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পর্যটননগরী পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত পর্যটনকেন্দ্র কুয়াকাটায় স্বামীর সঙ্গে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামের এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ আহত হয়েছেন।

নিহত নাবিলা নুসরাত ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন। তার স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ঢাকা থেকে স্বামীসহ আরো দুই সহকর্মীকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে আসেন নাবিলা। তারা একটি আবাসিক হোটেলে রাতযাপন করেন। শনিবার বিকেলে একটি ইজিবাইকে করে মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার দেখতে যান। সন্ধ্যায় সেখান থেকে ফেরার পথে আজিমপুর গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা যাত্রীরা ছিটকে পড়েন। এ সময় নাবিলার মাথা ইজিবাইকের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।

আহত ডা. শুভ গণমাধ্যমকে জানান, ইজিবাইকের চাকার নিচে একটি বিড়াল চলে এলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ইজিবাইকটি উল্টে যায়। দুর্ঘটনায় তার স্ত্রীসহ অন্যরা আহত হন। পরে স্থানীয়রা নাবিলাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার মেডিভয়েসকে বলেন, ঢাকা থেকে চারজন চিকিৎসক দুটি পরিবার মিলে কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন। তাঁরা একটি বৌদ্ধমন্দির দেখে ফেরার পথে অটোরিকশা বা ইঞ্জিনচালিত ভ্যান উল্টে যায়। এ সময় ভ্যানটি নারী চিকিৎসক নাবিলা নুসরাতের ওপর পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সঙ্গে থাকা স্বামী ডা. মঈন ইসলাম শুভ এবং আরও দুই চিকিৎসক আহত হন।

ওসি বলেন, আহত বাকি দুইজন হলেন ডা. রাব্বি ও ডা. উম্মে কুলসুম কলিও। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছেন। নিহত নাবিলা নুসরাতের স্বামীরও সুস্থ্যতার পথে।

ওসি আরও জানান, দুর্ঘটনাটি মহিপুর থানার এলাকায় ঘটেছে। তবে আহতদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতায় কলাপাড়া থানা সহায়তা করেছে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক