না ফেরার দেশে মুগদা মেডিকেলের ডা. সাজিদ শাহরিয়ার
মেডিভয়েস রিপোর্ট: মুগদা মেডিকেল কলেজের ৫ম ব্যাচের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ডা. সাজিদ শাহরিয়ার ইন্তেকাল করেছেন।
আজ রোববার (৯ জুলাই) ভোর ৪টার দিকে রাজধানীর শ্যামলীর সিকেডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেপটিক শক এবং ডিআইসিতে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘদিন ধরে ক্রনিক কিডনি ডিজিজে ভুগছিলেন সাজিদ। প্রায় দুই বছর আগে তার কিডনি প্রতিস্থাপন করা হলেও শারীরিক বিভিন্ন জটিলতা থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি।
ডা. সাজিদ শাহরিয়ার এই অকাল ও বেদনাদায়ক মৃত্যুতে তাঁর পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
শোক জানিয়েছে এনডিএফ
ডা. সাজিদদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা। এক শোক বার্তায় এনডিএফ বলে , ‘একজন তরুণ চিকিৎসকের এমন অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর সহপাঠী, শিক্ষক, সহকর্মী, পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই গভীর সমবেদনা। আমরা মরহুম ডা. সাজিদ শাহরিয়ারের রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তাঁর জন্য বিশেষভাবে দোয়ার দরখাস্ত করছি।’
এমআর/