মুগদা মেডিকেলে রাইজ অফ জুলাই চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: মুগদা মেডিকেল কলেজে ‘রাইজ অফ জুলাই চ্যাম্পিয়নশিপ- ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে টিম ফ্রিডম ফ্যালকন। রানার্স আপ হয়েছে টিম লিবার্টি লায়ন্স।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) মুগদা মেডিকেল কলেজ ফুটবল ক্লাবের আয়োজনে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। একই সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।
টুর্নামেন্টে প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন খালিদ আহমেদ (৭ম ব্যাচ), প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হৃদয় মণ্ডল (৭ম ব্যাচ), সেরা ডিফেন্ডার সাকিফ (৯ম ব্যাচ), সেরা গোলরক্ষক রওজা (৯ম ব্যাচ) এবং সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন নাঈম (১০ম ব্যাচ)।
আয়োজক কমিটি জানায়, টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার পেছনে আয়োজক কমিটি, ব্যবস্থাপনা দল, স্বেচ্ছাসেবক, অংশগ্রহণকারী দলসমূহ, খেলোয়াড়, রেফারি এবং পৃষ্ঠপোষকদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতা ছিল প্রশংসনীয়। মেডিকেল শিক্ষার্থীদের ব্যস্তময় একাডেমিক জীবনের মাঝে খেলাধুলার মধ্য দিয়ে সবাইকে এক সুতোয় বাঁধার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
ফাইনালের সমতা, টাইব্রেকারের রোমাঞ্চ আর চ্যাম্পিয়নশিপ অর্জনের গল্প মুগদা মেডিকেল কলেজের ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীদের স্মৃতিতে দীর্ঘদিন উজ্জ্বল হয়ে থাকবে—জানান আয়োজকরা।
টুর্নামেন্টে সার্বিক সহায়তা ও পৃষ্ঠপোষক হিসেবে ছিল সিন্যাপস মেডিকেল একাডেমি ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস।
জেএইচ/