১১ এপ্রিল, ২০২৬ ০৪:৩২ পিএম

ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা: ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা: ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় ঘোষিত চার দফা দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিক্ষোভ কর্মসূচি শেষে প্রেস ব্রিফিং করে এ ঘোষণা দেন তারা।

ব্রিফিংয়ে ইন্টার্ন চিকিৎসকরা সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চারটি দাবি উত্থাপন করেন। সরকারের কাছে তাদের দাবি, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জড়িত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে নাম-পরিচয় প্রকাশসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

ইন্টার্ন চিকিৎসকরা বলেন, গত বুধবার (৮ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়ধারী কয়েকজন উচ্ছৃঙ্খল শিক্ষার্থী কর্তব্যরত চিকিৎসকদের ওপর ন্যাক্কারজনক হামলা চালায় এবং ‘মব’ তৈরি করে। এ ঘটনায় হাসপাতাল এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে ইন্টার্ন ডক্টরস সোসাইটির উদ্যোগে ঢামেকের ইন্টার্ন চিকিৎসকরা ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করেন।

কর্মবিরতি শেষে শনিবার হাসপাতাল প্রাঙ্গণে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ শেষে তদন্ত কমিটির পক্ষ থেকে জানানো হয়, ইন্টার্ন ডক্টরস সোসাইটির চার দফা দাবির অধিকাংশই তাদের সুপারিশমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

চিকিৎসকরা আরও জানান, একই দিনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে, যা সারাদেশে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী সব ইন্টার্ন চিকিৎসক আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

টিআই/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক নিগ্রহ
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক