নওগাঁ মেডিকেলে অনুষ্ঠিত হলো ক্রিকেট ফিয়েস্তা সিজন-১
মেডিভয়েস রিপোর্ট: নওগাঁ মেডিকেল কলেজের ক্রীড়া সংস্থা ক্লাব ডে এনএমসির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত এনএমসি ক্রিকেট ফিয়েস্তা সিজন-১।
বুধবার (২৪ ডিসেম্বর) কলেজের বয়েজ হোস্টেল মাঠে শর্ট পিচে আয়োজিত এই টুর্নামেন্টে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোস্টেল সুপার ডা. জিল্লুর রহমান। এ ছাড়া কলেজের বিভিন্ন বিভাগের একাধিক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সকাল ১১টা ৩০ মিনিটে প্রধান অতিথি বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই শুরু হয় প্রথম রাউন্ডের খেলা। সারাদিনব্যাপী এই টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্টের দলগুলো গঠন করা হয় নিলামের মাধ্যমে। গত ১৭ ডিসেম্বর টিম ম্যানেজাররা পয়েন্টের বিনিময়ে নিজেদের দল নির্বাচন করেন। অংশগ্রহণকারী দল ও টিম ম্যানেজাররা হলেন সিনাপ্টিক সিক্সার্সের টিম ম্যানেজার ডা. মাসুদ রানা, রিদম রেঞ্জার্সের টিম ম্যানেজার ডা. তারেক হোসাইন, ভাইটাল কিং ভাইকিংসের টিম ম্যানেজার ডা. আবু জার গাফফার, হোয়াইট কোট ওয়ারিয়র্সের টিম ম্যানেজার ডা. আহসানুজ্জামান রকি, কর্ণিয়া ক্লাস্টারসের টিম ম্যানেজার ডা. সাইফুল ইসলাম এবং নিউরো নিঞ্জার্সের টিম ম্যানেজার ডা. শাকিল আহমেদ।
রাত ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে হোয়াইট কোট ওয়ারিয়র্স দলকে পরাজিত করে সিনাপ্টিক সিক্সার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন বলেন, পড়াশোনার পাশাপাশি এমন সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান এবং সবাইকে মিলেমিশে ভেদাভেদহীনভাবে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন।