বরিশালে শেবাচিম ইনকিলাবের ম্যারাথন
মেডিভয়েস রিপোর্ট: মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) শিক্ষার্থীদের সংগঠন ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বর্ণাঢ্য এক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ‘রান ফর হেলথ, রান ফর ভিক্টরি’ শিরোনামে আয়োজিত এই ম্যারাথনে বরিশালের বিভিন্ন স্তরের ছাত্র-জনতার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এতে প্রায় পাঁচ শতাধিক রানার অংশ নেন। বরিশালের বেলস পার্ক থেকে সকাল ৭টায় শুরু হওয়া ম্যারাথনটি বান্দ রোড, আমতলার মোড় ও বাংলাবাজার রোড অতিক্রম করে জিলা স্কুল মোড় হয়ে লঞ্চঘাট প্রদক্ষিণ শেষে পুনরায় বেলস পার্কে এসে সকাল ১০টার দিকে শেষ হয়। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. রফিকুল বারী। এ সময় পটুয়াখালী মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আফজালুল করিমসহ বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে টি-শার্ট, চাবির রিংসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়। প্রথম তিন বিজয়ীকে সম্মাননা স্মারক দেওয়া হয় এবং টপ ১০০ ফিনিশারের জন্য বিশেষ মেডেল প্রদান করা হয়।
অনুষ্ঠানে জুলাইয়ের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে প্ল্যাকার্ড হাতে ছবি তোলা ও স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। বেলস পার্ক তখন স্লোগানে মুখরিত ছিল।
পুরস্কার বিতরণীর আগে বক্তব্য রাখেন ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের সদস্য সচিব রিফাত মাহমুদ। তিনি বলেন, ‘ভিক্টোরি রান উইথ ইনকিলাব বৃহত্তর বরিশালের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার একটি প্রচেষ্টা এবং একই সঙ্গে রাষ্ট্রবিরোধী নীল নকশাকারীদের প্রতি একটি হুংকার।’
সংগঠনের আহ্বায়ক ডা. তৌহিদুল ইসলাম সিয়াম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করেন। তিনি জানান, ভবিষ্যতেও ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে বিভিন্ন ক্রীড়া ও সামাজিক কার্যক্রম আয়োজন করা হবে।
টিআই/