০৭ অক্টোবর, ২০২৫ ০৫:৩৯ পিএম
বিএমইউ ও আইসিইএসসিওর যৌথ সভা

স্বাস্থ্যসেবা প্রযুক্তিনির্ভর করতে বিএমইউতে ‘স্মার্ট হাসপাতাল পাইলট উদ্যোগ’

স্বাস্থ্যসেবা প্রযুক্তিনির্ভর করতে বিএমইউতে ‘স্মার্ট হাসপাতাল পাইলট উদ্যোগ’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) হবে ‘স্মার্ট হাসপাতাল পাইলট উদ্যোগ’। আজ সোমবার (৬ অক্টোবর) বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত বিএমইউ ও ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আইসিইএসসিও) যৌথ সভায় এই তথ্য জানানো হয়।

বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিইএসসিওর মহাপরিচালক ড. সালিম এম. আল মালিক। 

আরও উপস্থিত ছিলেন বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আতিকুল হক, পিএইচডি প্রমুখ।

সভায় ‘স্মার্ট হাসপাতাল পাইলট উদ্যোগ’ শীর্ষক একটি যুগান্তকারী প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়, যা বাস্তবায়িত হবে বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগে। প্রকল্পটির লক্ষ্য দেশের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করা।

এর আওতায় থাকবে ইন্টারনেট অব থিংসভিত্তিক (আইওটি) রোগী পর্যবেক্ষণ ব্যবস্থা, স্মার্ট নার্স স্টেশন, ডিজিটাল অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ, স্বয়ংক্রিয় গুরুত্বপূর্ণ সংকেত পর্যবেক্ষণ, ক্লাউড-সংযুক্ত ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর) প্রকল্পটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইওটি এবং ইলেকট্রনিক হেলথ রেকর্ডের (ইএইচআর) সমন্বয়ে রোগী ব্যবস্থাপনা, চিকিৎসা সেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও আধুনিক ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

সভায় বক্তারা বলেন, ‘স্মার্ট হাসপাতাল পাইলট উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে রোগীসেবার মান বৃদ্ধি পাবে, দীর্ঘস্থায়ী রোগ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং স্বাস্থ্য গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি ও একাডেমিক সহায়তা দিচ্ছে বিএমইউর পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ, ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হতে যাওয়া হয়ে প্রকল্পের কার্যক্রম শেষ হবে একই বছরের ডিসেম্বর মাসে।

বাংলাদেশের স্বাস্থ্যসেবায় প্রযুক্তির এমন একীকরণ স্বাস্থ্য খাতের আধুনিকায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত