কুরআন অবমাননার প্রতিবাদে রংপুর মেডিকেলে দাওয়াহ সোসাইটির মাসব্যাপী কর্মসূচি
মেডিভয়েস রিপোর্ট: সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার ঘটনার প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে মেডিকেল ইসলামিক দাওয়াহ সোসাইটি।
সোমবার (৬ অক্টোবর) দাওয়াহ সোসাইটির রংপুর মেডিকেল শাখার ফেসবুক পেজ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মূল লক্ষ্য হলো, কুরআনের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং সচেতনতা বৃদ্ধি করা, যাতে সমাজে শান্তিপূর্ণভাবে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা ছড়িয়ে পড়ে।
ঘোষিত কর্মসূচিগুলো হলো:
১.কুরআন বিতরণ কর্মসূচি: রংপুর মেডিকেল কলেজ ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে কুরআন শরীফ বিতরণ করা হবে, যেন প্রত্যেকে আল্লাহর বাণী পাঠ ও অনুধাবন করতে পারে।
২. মাসব্যাপী ফ্রি কুরআন শিক্ষা: সবার জন্য উন্মুক্ত এ কর্মসূচিতে কুরআন তিলাওয়াত, তাজবীদ ও মৌলিক অর্থ অনুধাবনের দিকনির্দেশনা প্রদান করা হবে।
৩. কুরআন অলিম্পিয়াড: ছাত্রছাত্রীদের মাঝে কুরআনের জ্ঞান ও আগ্রহ বাড়াতে আয়োজন করা হবে ‘কুরআন অলিম্পিয়াড’। এতে থাকবে কুইজ, আলোচনা ও প্রতিযোগিতামূলক সেশন।
সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমরা কোনো বিশৃঙ্খলা বা উত্তেজনার পথে নয়, বরং আলোকিত, জ্ঞানভিত্তিক ও শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ জানাতে চাই। কুরআনের অবমাননার জবাব আমরা দেব কুরআনের বাণী ছড়িয়ে দিয়ে।’
আয়োজকরা বলেন, ‘যারা অংশগ্রহণ করতে বা সহযোগিতা করতে আগ্রহী, তারা রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে সরাসরি যোগাযোগ করুন অথবা মেডিকেল ইসলামিক দাওয়াহ সোসাইটির অফিশিয়াল পেজে বার্তা দিন।’
আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে সমাজে কুরআনের গুরুত্ব, সম্মান এবং নৈতিক শিক্ষা আরও বিস্তৃত হবে।
এইেএএম/টিআই/