১৮ অগাস্ট, ২০২৫ ০৪:৪৩ পিএম
দ্বিতীয় দিনে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি

শেবাচিমে চিকিৎসকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম, কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি

শেবাচিমে চিকিৎসকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম, কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রপোর্ট: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। 

আজ (১৮ আগস্ট) দুপুর ১টায় চিকিৎসকদের এ মানববন্ধন করেন চিকিৎসকসহ স্বাস্থ্য কর্মীরা।

এ সময় কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন চিকিৎসকরা। অন্যথায় শেবাচিম হাসপাতালে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা।

মানববন্ধনে চিকিৎসকরা জানান, তারা জনস্বার্থে আপাতত সীমিত আকারে চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছেন। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী ও ইন্ধনদাতাদের গ্রেপ্তার না করা হলে ইমার্জেন্সিসহ সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়া হবে।

অন্যদিকে ঘটনার প্রতিবাদে একাত্মতা প্রকাশ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কলেজের সকল লেকচার, ওয়ার্ড ও শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। এক যৌথ বিবৃতিতে তারা চিকিৎসকদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

প্রসঙ্গত, স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে ছাত্র-জনতার ব্যানারে গত ২৮ জুলাই তিন দফার আন্দোলন শুরু হয়। গত ৭ আগস্ট থেকে প্রতিদিন ছয় থেকে সাত ঘণ্টা নগরের নথূল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হয়। এতে বিভাগের ছয় জেলার সঙ্গে রাজাধনীর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এর মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নানাভাবে হয়রানির অভিযোগ করেছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। রোববার (১৭ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসক ডা. দিলীপ রায়ের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে কর্মবিরতিতে যান শের-ই-বাংলা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত