মেডিকেলে মুক্তিযোদ্ধা সন্তানদের ভর্তি শুরু, চলবে ৪ জুন পর্যন্ত
মেডিভয়েস রিপোর্ট: মুক্তিযোদ্ধা কোটায় মেডিকেলে চান্সপ্রাপ্তদের ভর্তি পুনরায় চালু করা হয়েছে। আগামী ৪ জুন পর্যন্ত তাদের ভর্তি কার্যক্রম চলবে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটা থাকবে না বলেও জানানো হয়েছে।
রোববার (১ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আদালতের নির্দেশনা, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলের আইনি মতামত ও মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত আসনে সংযুক্ত তালিকা অনুসারে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের শিক্ষার্থী ভর্তির বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’
এতে বলা হয়, প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীরা সোমবার (২ জুন) থেকে আগামী বুধবার (৪ জুন) পর্যন্ত সংশ্লিষ্ট মেডিকেল কলেজে ভর্তি হবেন।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তানদের জন্য কোনো আসন সংরক্ষিত থাকবে না।’
এতে আরও বলা হয়, কলেজের অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি ও মেডিকেল বোর্ড যথাক্রমে ভর্তিচ্ছু শিক্ষার্থীর মূল সনদপত্র যাচাই করবেন এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অধিদপ্তর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।
এ ছাড়া ভর্তিকৃত শিক্ষার্থীদের নামসহ পূর্ণ তালিকা ও শূণ্য আসন (যদি থাকে) সংক্রান্ত তথ্যের সফট কপি ই-মেইলে ও হার্ড কপি আগামী ১৫ জুনের মধ্যে অধিদপ্তরে পাঠাতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
ভর্তির সময় যেসব কাগজপত্র সঙ্গে রাখতে হবে
১. ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
২. এইচএসসি পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন কার্ড।
৩. এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র।
৪. এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র ও প্রশংসা পত্র।
৫. স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র।
৬. চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন
এমআই/
-
০৫ এপ্রিল, ২০২৬
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৬
-
০২ ফেব্রুয়ারী, ২০২৬
-
০১ জানুয়ারী, ২০২৬
-
১৩ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫