২৩ অক্টোবর, ২০২৬ ০২:১২ পিএম

আইএইচটি-ম্যাটসে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ: আবেদন শুরু ২৭ অক্টোবর, পরীক্ষা ১৩ নভেম্বর 

আইএইচটি-ম্যাটসে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ: আবেদন শুরু ২৭ অক্টোবর, পরীক্ষা ১৩ নভেম্বর 
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী ২৭ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ৬ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

সোমবার (১৯ অক্টোবর) অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৭ অক্টোবর ভর্তির জন্য অনলাইন আবেদন শুরু হবে, যা শেষ হবে ৬ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। পরদিন একই সময় পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া ৯ ও ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পর্যন্ত।

এতে আরও জানানো হয়, ভর্তিচ্ছু প্রার্থীরা টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে (http://dgme.teletalk.com.bd) আবেদন দাখিল করবেন। একজন প্রার্থী যে কোনো একটির জন্য আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষার ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা অফেরতযোগ্য এবং প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

এ ছাড়া ভর্তি পরীক্ষার শর্তাবলি, ভর্তির যোগ্যতা, ভর্তি পরীক্ষার কেন্দ্র, সরকারি আইএইচটি ও ম্যাটসের আসন সংখ্যা ও বিন্যাস, অনলাইন ফরম পূরণের নিয়মাবলি, প্রার্থী নির্বাচন ও ভর্তি সংক্রান্ত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট পোর্টাল (www.mefwd.gov.bd), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd), স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) ও টেলিটকের ওয়েব পোর্টাল (http://dgme.teletalk.com.bd)-এ পাওয়া যাবে।অনলাইন কোর্স খুঁজুন

এসএসসি সিলেবাস অনুযায়ী এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টার পরীক্ষা গ্রহণ করা হবে। মানবণ্টন অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানে ১৫ করে এবং সাধারণ জ্ঞানের নম্বর হবে ১০। এমসিকিউ পরীক্ষায় পাশের নম্বর ৪০। এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৫-এর গুণিতক দ্বিগুণ হিসেবে ১০ নম্বর এবং ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফল থেকে জাতীয় মেধা অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীগণ কোনো সরকারি ও বেসরকারি আইএইচটি ও ম্যাটস-এ ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি বা বেসরকারি যেকোনো আইএইচটি বা ম্যাটসে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ‘ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)-এ ডিপ্লোমা কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তি নীতিমালা, ২০২৬’ প্রযোজ্য হবে। পরীক্ষায় অবতীর্ণ, উত্তীর্ণ বা নির্বাচিত কোনো প্রার্থীর দেওয়া তথ্য (যা ফলাফল নির্ধারণে বিবেচিত হতে পারে) অসম্পূর্ণ বা ভুল প্রমাণিত হলে তার পরীক্ষা, ফলাফল ও ভর্তি যেকোনো সময় বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া আইএইচটি ও ম্যাটস ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত