১৩ অক্টোবর, ২০২৬ ০৬:২৩ পিএম

সব মেডিকেলে ‘স্টুডেন্ট সাপোর্ট সেন্টার’ চালুর উদ্যোগ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের

সব মেডিকেলে ‘স্টুডেন্ট সাপোর্ট সেন্টার’ চালুর উদ্যোগ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, হতাশা ও বিষণ্ণতা মোকাবিলা এবং আত্মহত্যার ঝুঁকি কমাতে দেশের প্রতিটি মেডিকেল কলেজে ‘স্টুডেন্ট সাপোর্ট সেন্টার’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার কর্ণগোপে ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগ বিভাগের আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক রুবীনা ইয়াসমীন জানান, প্রস্তাবিত সাপোর্ট সেন্টারে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে ‘ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং কমিটি’ রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ওরিয়েন্টেশন, সেমিনার ও পোস্টার উপস্থাপনাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মেডিকেল শিক্ষার্থীদের ওপর পাঠ্যক্রমের চাপ, হতাশা ও বিষণ্ণতা মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি। বুলিং ও র‍্যাগিং প্রতিরোধের পাশাপাশি শিক্ষার্থীদের আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা গেলে প্রয়োজনীয় মানসিক সহায়তা দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

আত্মহত্যা প্রতিরোধ নিয়ে তিনি বলেন, আমরা চাই না কোনো মেডিকেল কলেজের কোনো শিক্ষার্থী আত্মহত্যা করুক। আমাদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে যদি একজন শিক্ষার্থীর আত্মহত্যাও প্রতিরোধ করা সম্ভব হয়, সেটিও হবে বড় সাফল্য।

একই সঙ্গে শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার পাশাপাশি বন্ধু, জ্যেষ্ঠ ও কনিষ্ঠ সহপাঠীদের প্রতি সহমর্মী হওয়ারও আহ্বান জানান তিনি।

ইউএস-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইউ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত