১৯ এপ্রিল, ২০২৫ ০৩:৪০ পিএম

বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যুর অভিযোগ

বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যুর অভিযোগ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে রিমলি চাকমা নামে দেড় মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও অক্সিজেন সরবরাহ ঘাটতির কথা অস্বীকার করেছেন। একই সাথে রিমলি চাকমার মৃত্যুর বিষয় অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শিশুটির বাবা রিটন চাকমা ও স্বজনরা গণমাধ্যমকে জানান, হাসপাতালে কোনো অক্সিজেন সিলিন্ডার না থাকায় যথাসময়ে চিকিৎসা দেওয়া হয়নি। পরে বিকল্প উপায়ে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দিয়ে বাঁচানোর চেষ্টা করেও বাঁচানো যায়নি।

কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে সম্প্রতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) শোভন দত্তকে অন্যত্র বদলি করা হয়েছে। নতুন একজনকে এখানে পদায়ন করা হলেও তিনি এখনো যোগদান করেননি। তার অবর্তমানে ভারপ্রাপ্ত দায়িত্ব-পালন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আক্তার।

রিমলি চাকমার অক্সিজেনের অভাবে মৃত্যুর বিষয়টি উল্লেখ করে ইউএনও শিরিন আক্তার মেডিভয়েসকে বলেন, ‘শিশুটির বয়স এক মাস ২০দিন। তার শ্বাসকষ্টের সমস্যা থাকায় অক্সিজেনের প্রয়োজন ছিল। কিন্তু হাসপাতালে অক্সিজেনের সিলিন্ডার থাকলেও কোন সিলিন্ডারে অক্সিজেন না থাকায় শিশুটিকে বাচাঁনো সম্ভব হয়নি।’

তবে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের ঘাটতির বিষয়টি অস্বীকার করে রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা মেডিভয়েসকে বলেন, ‘অক্সিজেনের অভাবে মৃত্যুর অভিযোগটি মোটেই সত্যি নয়। কারণ বাচ্চাটি গত তিন দিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত। তাকে যখন হাসপাতালে আনা হয়েছে, তখন ব্রট ডেড। অর্থাৎ, তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল। সেক্ষেত্রে অক্সিজেন দেওয়ার প্রশ্নই আসেনা। তবে আমরা সিপিআর দেই। এ ছাড়া সঙ্গে মাউথ টু মাউথ ব্রেথিং করি এবং এম্বু ব্যাগ দিয়ে সাত মিনিটের মত অক্সিজেন দেওয়ার চেষ্টা করি। শিশুটির মৃত্যুর বিষয় অনুসন্ধানের জন্য আমরা একটি তদন্ত কমিটি গঠন করবো।

তিনি আরও বলেন, হাসপাতালে অক্সিজেন আছে এবং খালি সিলিন্ডারগুলোতে অক্সিজেন ভরার জন্য পাঠানো হয়েছে। তবে জেলায় চিকিৎসক সংকট আছে জানিয়ে সিভিল সার্জন বলেন, এই জেলায় মোট ১০৩ জন চিকিৎসক পদ থাকলেও আছেন মাত্র ৬৩ জন।

এদিকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবহন সেবাও বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির অ্যাম্বুলেন্সচালক অনুপম চাকমা গণমাধ্যমকে জানান, অ্যাম্বুলেন্সের চাকা ও ব্যাটারি নষ্ট হয়ে পড়ে রয়েছে। তাই রোগী পরিবহন সেবা বন্ধ রয়েছে। আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হাসপাতালটিতে না থাকায় প্রয়োজনীয় যন্ত্রাংশ কেনা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি।

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক