হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত এক হাজার ৮০
মেডিভয়েস রিপোর্ট: দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৮০ শিশু। তবে এই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
আজ সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৬৭ শিশু।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৯০৮ শিশু। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৯০৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গত ১৫ মার্চ থেকে ৩ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৭৫১ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৬ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এই সময়ে মোট ৮৪৭ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩১ হাজার ৫০ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৪০৮ জন।
এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট এক লাখ ১৩ হাজার ৫২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাদের মধ্যে এক লাখ নয় হাজার ১৮৯ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিদিনের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অব্যাহত থাকায় দেশে হাম পরিস্থিতি এখনো জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে রয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর দিন দিন হামের উপসর্গে মৃ্ত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এনএইচ/