হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৬০
মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানীতেই মারা গেছে চার শিশু। একইসঙ্গে নতুন করে ৮৬০ জনের শরীরে ধরা পড়েছে হামের উপসর্গ।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৬। অর্থাৎ উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যাই তুলনামূলকভাবে অনেক বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও জানা যায়, গত এক দিনে নতুন করে ৮৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৪০ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৭৩৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এ ধরনের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩৩ হাজার ৬৩৮ জনে।
দীর্ঘ সময় ধরে চলা এই প্রাদুর্ভাবে হাসপাতালগুলোতেও রোগীর চাপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এক লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ১১ হাজার ৫৮৭ জন।
গত ১৫ মার্চ থেকে দেশে হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ধীরে ধীরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। পরিস্থিতি মোকাবিলায় নজরদারি বৃদ্ধি, আক্রান্তদের চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
তবে প্রতিদিন নতুন করে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় দেশের সামগ্রিক হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনো কাটেনি।
এনএইচ/