হামের উপসর্গে আরও ছয় জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯০৮
মেডিভয়েস রিপোর্ট: দেশে হাম পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জনে।
আজ রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে ছয়জনের মৃত্যু হয়। তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, আর সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮০৯ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে নিশ্চিত হামে মারা গেছেন ৯৯ জন। ফলে উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট প্রাণহানি ৯০৮ জনে পৌঁছেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৪২ হাজার ৭৯৭ জনে।
একই সময়ে ৮০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৮০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৪ হাজার ৪৫৭ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ১৯ হাজার ৯৩৯ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে বয়সভিত্তিক মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়নি। তবে রোগতত্ত্ববিদদের মতে, হাম সব বয়সী মানুষকে আক্রান্ত করতে পারে, যদিও শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর দিন দিন হামের উপসর্গে মৃ্ত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এনএইচ/