অনলাইন আবেদন শেষ ৯ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট
বেসরকারি মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৩ ফেব্রুয়ারি
মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রণীত ‘মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিট এ এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫’ অনুযায়ী শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে বলা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে। ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়া
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টেলিটকের মাধ্যমে অনলাইনে (dgme.teletalk.com.bd) আবেদন করতে হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
অনলাইনে আবেদন পূরণ করার সময় বিস্তারিত নির্দেশাবলি www.dgme.gov.bd ও www.dghs.gov.bd ওয়েব সাইটে উল্লেখ রয়েছে , নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করার নির্দেশ দেয় হয়েছে। আবেদন ফি ৩০০ (২০০+১০০) টাকা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা-
অনলাইন আবেদন শুরু ৩ ফেব্রুয়ারি দুপুর ১২টা।
অনলাইন আবেদন শেষ ৯ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট।
আবেদনের ফি জমাদান শেষ ১০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট।
তালিকা প্রকাশ ও এসএমএস প্রদান ১৭মার্চ।
প্রথম নিশ্চায়নের শেষ তারিখ ১৯ মার্চ।
দ্বিতীয় নিশ্চায়নের এসএমএস প্রদান ২২ মার্চ।
দ্বিতীয় নিশ্চায়নের শেষ তারিখ ২৫ মার্চ।
ওয়েবসাইটে তালিকা প্রকাশ ২৭ মার্চ।
ভর্তি শুরু ৩ এপ্রিল এবং শেষ তারিখ ১২ এপ্রিল।
কোটা সর্ম্পকিত তথ্য
বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ও কোটা নির্ধারণে বিএমডিসি কর্তৃক প্রণীত ও অনুমোদিত ভর্তি নীতিমালা প্রযোজ্য হবে। তবে মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ কোটার ক্ষেত্রে সর্বশেষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েব সাইট www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট www.dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট www.dghs.gov.bd ও টেলিটক এর ওয়েব সাইট http://dgme.teletalk.com.bd হতে জানা যাবে।
আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, বেসরকারি মেডিকেল কলেজ নির্ধারণ ও চূড়ান্তকরণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। নির্বাচিত কোনও প্রার্থীর দেয়া তথ্য (যা কলেজ নির্ধারণে বিবেচিত হতে পারে) অসম্পূর্ণ ও ভুল প্রমাণিত হলে, তার আবেদন/কলেজ নির্ধারণ/ভর্তি বাতিল বলে গণ্য হবে। যে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
টিআই
-
১৫ ডিসেম্বর, ২০২২