০২ নভেম্বর, ২০২৪ ০১:৩০ পিএম

১০ মেডিকেল কলেজে হচ্ছে আরও ১৯ হোস্টেল: অধ্যাপক নাজমুল হোসেন

১০ মেডিকেল কলেজে হচ্ছে আরও ১৯ হোস্টেল: অধ্যাপক নাজমুল হোসেন
অধ্যাপক ডা. নাজমুল হোসেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা ও মেডিকেল কলেজগুলোর সংকট দ্রুত সমাধানের জন্য কাজ করছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। জানান, শীঘ্রই দেশের ১০টি মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের জন্য আরও ১৯টি হোস্টেলের কাজ শুরু হতে যাচ্ছে।

শনিবার (২ নভেম্বর) রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বয়স এখনও তিন মাস হয়নি। কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। 

মেডিকেল কলেজগুলোতে শিক্ষক ও অবকাঠামো সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে স্বাস্থ্য শিক্ষায় যে সংকটগুলো রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের জন্য কাজ করছি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, রাজশাহী ও রংপুরসহ দেশের ১০টি মেডিকেল কলেজে মেডিকেল ছাত্র-ছাত্রীদের জন্য ১৯টি হোস্টেলের কাজ শুরু হতে যাচ্ছে।

তিনি বলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ২০০৬ সালের কার্ডিয়াক সার্জারি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পরে সেটি আর সম্ভব হয়নি। একই ভাবে দিনাজপুর মেডিকেল কলেজেও একই ধরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। সেটাও আর বাস্তবের মুখ দেখেনি।

এসব অসমাপ্ত পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে স্বাস্থ্য উপদেষ্টা নির্দেশ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা আশাবাদী, অচিরেই হয়তো রাজশাহী মেডিকেল কলেজে ইনভেসিভ কার্ডিওলজি আরও সম্প্রসারণ করতে পারব এবং কার্ডিয়াক সার্জারি চালুর উদ্যোগ নিতে পারব। রামেকে কার্ডিওলজির কোনো পদ নেই। সেটি যেন দ্রুত করা যায়, সে ব্যাপারে আমরা উদ্যোগ নিচ্ছি।

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর মহা. হবিবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি মো. আব্দুল মান্নান।

এতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান ও রাজশাহী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সরকার অসীম কুমার প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় ফলক উন্মোচন ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করা হয়।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
  এই বিভাগের সর্বাধিক পঠিত