পরীক্ষার সাড়ে তিন মাসেও হয়নি বিএসএমএমইউর দুই বিভাগের ফল
মেডিভয়েস রিপোর্ট: লিখিত পরীক্ষার সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও প্রকাশিত হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত মেডিকেল কলেজের অ্যানেস্থেশিয়া এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের ডিপ্লোমা (নন-রেসিডেন্ট) কোর্সের পরীক্ষার ফল। এতে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে বেশ উৎকণ্ঠায় রয়েছেন, পারছেন না স্বাস্থ্যসেবায় যুক্ত হতে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৬ থেকে ১০ জুলাই বিএসএমএমইউর অ্যানেস্থেসিয়া বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষা শেষ হয় ২৪ সেপ্টেম্বর। আর ৬ জুলাই থেকে ১১ জুলাই অনুষ্ঠিত হয় রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের লিখিত পরীক্ষা। মৌখিক পরীক্ষা হয় ৩০ সেপ্টেম্বর।
শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে মৌখিক পরীক্ষা কিছুটা দেরিতে অনুষ্ঠিত হলেও ততদিনে লিখিত পরীক্ষার খাতা দেখা শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু সংশ্লিষ্টদের অবহেলার কারণে এতদিনেও ফলাফল প্রকাশ করা হচ্ছে না।
তারা বলছেন, ফলাফল প্রকাশ না হওয়ার কারণে মানসিকভাবে বিপর্যস্ত তারা। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের ডেপুটেশন শেষ হওয়ার পরও অতিরিক্ত ছুটি নিয়ে পরীক্ষা দিতে হয়েছে। এখন স্ব স্ব কর্মক্ষেত্রে যোগদানের পর ফের সাপ্লির প্রয়োজন হলে আবারও জটিলতায় পড়তে হবে। তা ছাড়া বেসরকারি প্রার্থীরা ফলাফল প্রকাশ না হওয়ায় কোথাও আবেদনেরও সুযোগ পাচ্ছেন না।
রেডিওলজি বিভাগের এক শিক্ষার্থী মেডিভয়েসকে বলেন, ‘অন্য সব বিভাগের ফল হয়ে গেছে, একই সময়ে পরীক্ষা দিলেও আমাদেরটা এখনও দিচ্ছে না। সেই জুলাইয়ের খাতা এখনও কাটছেন, এতদিন কেন খাতা দেখেননি?’
তিনি আরও বলেন, ‘যারা বিসিএস থেকে আসছি, আমাদের ডেপুটেশনের সময়টা জুনেই শেষ হয়ে গেছে। এরপর জুলাই-আগস্ট অতিরিক্ত পেয়েছি। সেপ্টেম্বরেও পরীক্ষা দিলাম, এক্সট্রা ছুটি নিয়ে। এখন অক্টোবর। এখন যদি আমাদের আবার সাপ্লি দেওয়া লাগে, এটা হবে জানুয়ারিতে। বাকি আছে মাত্র দুই মাস। পরীক্ষার জন্য আবার প্রস্তুতি, ক্লাস করা–অনেক ব্যাপার থাকে।’
অ্যানেস্থেসিয়া বিভাগের শিক্ষার্থী ডা. জোবায়ের হোসাইন মেডিভয়েসকে বলেন, ‘সাধারণত লিখিত পরীক্ষার দেড়-দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। মৌখিক পরীক্ষার আগেই পরীক্ষার খাতা দেখা হয়ে যায়। কিন্তু আমাদের তিন মাস পার হয়ে গেছে।’
তিনি বলেন, ‘আমরা যারা সরকারি ক্যান্ডিডেন্ট, আমাদের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে যায়। ফলাফল প্রকাশে দেরি হলে, যদি সাপ্লি আসে তাইলে জটিলতায় পড়তে হয়। কারণ পোস্টিংয়ে গিয়ে জয়েন করে আবার ছুটি নেওয়া, প্রস্তুতি নেওয়া, পড়াশোনা করে আসা–এসব ঝামেলা আছে। প্রাইভেটদের ক্ষেত্রে আবার কোথাও আবেদনের সুযোগ পাচ্ছে না। ঢাকায় থাকবে, নাকি অন্য কোথাও যাবে–এসব জটিলতা থাকে। আবার সাপ্লির সময়ও চলে আসছে।’
এ বিষয়ে জানতে চাইলে চলতি সপ্তাহেই ফল প্রকাশ করা হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. এম জি ফারুক হোসেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় মেডিভয়েসকে বিষয়টি জানিয়েছেন তিনি।
ডা. এম জি ফারুক হোসেন বলেন, পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করা হবে, তার কোনো নির্দিষ্ট সময় নেই। তবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে দ্রুত প্রকাশের চেষ্টা করা হয়। কিন্তু বিভাগ থেকে অনেক সময় ফলাফল দিতে দেরি হয়।
তিনি আরও বলেন, সম্ভবত বিভাগে খাতা দেখতে দেরি হওয়ায় ওই দুই বিভাগের ফল দেরিতে এসেছে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে। এজন্য ফলাফল প্রস্তুত ও প্রকাশে দেরি হচ্ছে। তবে এখন সারণীকরণ (ট্যাবুলেশন) চলছে। কাল-পরশুর মধ্যে এটি প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।
প্রায়শ কিছু কিছু বিভাগ দেরিতে ফলাফল দেয় উল্লেখ করে তিনি বলেন, অনেক সময় ডিপার্টমেন্ট যেদিন রেজাল্ট জমা দেয়, ওই দিনই প্রকাশ করা সম্ভব হয়। কিন্তু অনেক বিভাগ দেরি করে। এখনও কিছু কিছু ডিপার্টমেন্ট রেজাল্ট পাঠায়নি। যেমন–হেমালোটজির রেজাল্টটা চাইতে চাইতে অনেক পরে এসেছে।
এনএআর/এমইউ
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫