২১ অক্টোবর, ২০২৪ ০৭:০২ পিএম

জাবিতে স্তন ক্যান্সার সচেতনতায় নানা কর্মসূচি

জাবিতে স্তন ক্যান্সার সচেতনতায় নানা কর্মসূচি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে জাহাঙ্গীরনগর জনস্বাস্থ্য ও তথ্য বিভাগ। আজ সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব কর্মসূচি আয়োজিত হয়।

'কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সচেতনতা শোভাযাত্রা, সেমিনার, প্রশিক্ষণ ও স্ক্রিনিং।

জানা গেছে, এদিন সকাল ১০টায় বিভাগ থেকে একটি সচেতনতা শোভাযাত্রা শুরু হয়। যা শেষ হয় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে। পরে সেখানে ‘নো ওয়ান শুড ফেস ব্রেস্ট ক্যান্সার অ্যালোন’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়।

জনস্বাস্থ্য ও তথ্য বিভাগের চেয়ারপার্সন ড. মাহফুজা মুবারকের সভাপতিত্বে সেমিনারে মুল বক্তা ছিলেন প্রকল্প সমন্বয়কারী ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের প্রিভেন্টিভ অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন জাবি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কামরুল আহসান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান ও (প্রশাসন) ড. সোহেল আহমেদ, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এম মাফরুহি সাত্তার ও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হুসেন। এতে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাখাওয়াত হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের সেক্রেটারি ও সিইও ইকবাল মাহমুদ এবং কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশের সেক্রেটারি মাহবুব শওকত। শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষন ও স্তন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামে অংশ নেন ৫১ জন শিক্ষার্থী।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত