২১ অক্টোবর, ২০২৪ ০৭:৪১ পিএম

প্রতি ৮ জন নারীর একজন স্তন ক্যান্সারের ঝুঁকিতে

প্রতি ৮ জন নারীর একজন স্তন ক্যান্সারের ঝুঁকিতে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্বব্যাপী প্রতি আটজন নারীর মধ্যে একজনের স্তন ক্যান্সার হতে পারে। প্রতি চারজন ক্যান্সার আক্রান্ত নারীর অন্তত একজন স্তন ক্যান্সারে আক্রান্ত। এ ছাড়া ক্যান্সারজনিত প্রতি ছয়টি মৃত্যুর একটি স্তন ক্যান্সারের কারণে ঘটে। যদিও নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে, পুরুষের স্তন ক্যান্সার অনেকাংশে বিরল।

আজ সোমবার (২১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানান চিকিৎসকরা।

সেমিনারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অনকলোজি অ্যান্ড রেডিওথেরাপি বিভাগের রেজিস্ট্রার ডা. নাছির উদ্দীন মাহমুদ শুভ বলেন, স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতার যথেষ্ঠ অভাব রয়েছে আমাদের সমাজে। এ নিয়ে লজ্জা বা সামাজিক ট্যাবুও রয়েছে। সামাজিক রক্ষণশীলতার কারণে বাংলাদেশে নারী বা পুরুষ যে কেউই প্রকাশ্যে স্তন বিষয়ক কোন আলোচনা করতে অস্বস্তি বোধ করে।

তিনি বলেন, একইভাবে নারীদের স্তনে কোন পরিবর্তন বা প্রাথমিক লক্ষণ দেখা দিলেও তারা তা গোপন রাখে। এমনকি অনেকেই মা বা স্বামীর কাছেও প্রথমদিকে গোপন রাখার চেষ্টা করেন। কিন্তু স্তন ক্যান্সারের চিকিৎসা সঠিক সময়ে শুরু করতে পারলে সহজে নিরাময় করা সম্ভব।

এ সময় স্তন ক্যান্সার নিয়ে নিজের গবেষণাপত্র উপস্থাপন করেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন। স্তন ক্যান্সারের কারণ, প্রতিরোধ ও প্রতিকারে করণীয় তুলে ধরেন তিনি।

এতে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দীন,, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মো. আবু তৈয়ব।

এর আগে সকালে স্তন ক্যান্সার নিয়ে স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে নারীরা চিকিৎসার পাশাপাশি স্তন ক্যান্সার নিয়ে পরামর্শ নেওয়ার সুযোগ পান। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেছে বিকন ফার্ম।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত