১২ সেপ্টেম্বর, ২০২৪ ০১:৪৯ পিএম
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রীদের উপর হামলা

নেত্রকোণা মেডিকেলের ১১ শিক্ষার্থীর সাজা, ছাত্রত্ব বাতিল নয়জনের

নেত্রকোণা মেডিকেলের ১১ শিক্ষার্থীর সাজা, ছাত্রত্ব বাতিল নয়জনের
নেত্রকোণা মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় ছাত্রীদের উপর হামলাসহ নানা অভিযোগে ১১ শিক্ষার্থীকে সাজা দিয়েছে নেত্রকোণা মেডিকেল কলেজ (এনএমসি)। এর মধ্যে বিভিন্ন মেয়াদে ৯ জনের ছাত্রত্ব বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে প্রত্যেকের হোস্টেলের সিটও।

গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আব্দুল গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে গত ১৯ আগস্ট ওই ১১ জনের বিরুদ্ধে অভিযোগ জানায় শিক্ষার্থীরা। অভিযোগ খতিয়ে দেখতে ওই সময় একটি তদন্ত কমিটি গঠন করে কলেজ প্রশাসন। প্রতিবেদন অনুযায়ী ৯ সেপ্টম্বর একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সাজাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- এনএমসির প্রথম ব্যাচের আহসানুল হক শিহাব, মীর সাদ্দাম হোসেন, দ্বিতীয় ব্যাচের নাবিদ হোসেন, ফাহাদ হোসেন, প্রিতম সেন, তৃতীয় ব্যাচের তানভির মাহতাব রাফি, তৌহিদুল ইসলাম, চতুর্থ ব্যাচের শায়ন বণিক, ফাহিম ফাহাদ, শাহ সুফিয়ান এবং পঞ্চম ব্যাচের শাহ মাসরুর নিপুণ।

এদের প্রত্যেকের হোস্টেলের সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। এ ছাড়া এ ধরণের অপরাধ আর করা হবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের তিরস্কার করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে সভায়।

এর মধ্যে আহসানুল হক শিহাব ও মীর সাদ্দাম হোসেনকে এক বছর, নাবিদ হোসেন, প্রিতম সেন, তানভির মাহতাব রাফি, তৌহিদুল ইসলাম, শায়ন বণিক ও ফাহিম ফাহাদকে ৬ মাস এবং ফাহাদ হোসেনকে ৩ মাসের জন্য ছাত্রত্ব বাতিল ও ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

নেত্রকোণা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই মাসে নারী শিক্ষার্থীদের লাঠি দিয়ে মারতে যাওয়া, আক্রমণাত্মক আচরণ এবং হুমকি প্রদান করে সাজাপ্রাপ্ত শিক্ষার্থীরা।

এ ছাড়া বিভিন্ন সময় মিছিলে জোরপূর্বক ডেকে নেওয়া, বহিরাগত বখাটেদের দিয়ে মেয়েদের যৌন হয়রানি ও বখাটেদের লেলিয়ে দেওয়ার হুমকিও দিয়ে আসছিল তারা। আন্দোলন চলাকালে এতে অংশ নেওয়া শিক্ষার্থীদের তথ্যও ছাত্রলীগের কাছে সরবরাহ করত তারা।

শিক্ষার্থীরা বলেন, আন্দোলন ব্যর্থ হলে শিক্ষার্থীদের নামে মামলা দেওয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দিয়ে রেখেছিল তারা।

বিজ্ঞপ্তি দেখুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত